প্রথম পরীক্ষা ভালোই হলো বাংলাদেশের

জ্যামিতি, কম্বিনেটরিক্স ও সংখ্যাতত্ত্বের তিনটি নতুন সমস্যা দিয়ে সাজানো ছিল ৫৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) প্রথম দিনের পরীক্ষা। আইএমওর নিয়মানুসারে সব গাণিতিক সমস্যাই হয় একেবারে নতুন। পৃথিবীর কোনো বই, ইন্টারনেট বা কোনো পরীক্ষায় আসেনি, এমন তিনটি সমস্যা দিয়ে শেষ হয়েছে প্রথম পরীক্ষা।
বাংলাদেশ দলের সদস্যরা সবাই জ্যামিতি তথা ১ নম্বর সমস্যাটির সমাধান করতে পেরেছে বলে জানিয়েছে। তিনজন ২ নম্বর সমস্যাটিকে অনেকখানি সমাধান করতে পেরেছে। পরীক্ষা শেষে আলাপের সময় মনে হয়েছে, আসিফ ই ইলাহীর ২ নম্বর সমাধানটিও সঠিক হয়েছে। আসিফ ৩ নম্বর সমস্যাও সমাধানের চেষ্টা করেছে।
এশীয় প্রতিযোগীরা জ্যামিতিতে যেমন স্বচ্ছন্দ, সে রকম ইউরোপীয় প্রতিযোগীরা স্বচ্ছন্দ কম্বিনেটরিক্স ও সংখ্যাতত্ত্বে। দ্বিতীয় সমস্যাটি কম্বিনেটরিক্সের হওয়ায় প্রথম দিনে ইউরোপীয়রা এগিয়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে। তবে চীন ও কোরিয়ার প্রতিযোগীরা সব সমস্যারই সমাধান করেছে বলে জানিয়েছে।
খুদে গণিতবিদেরা যখন গাণিতিক সমস্যার সমাধান করছিল, তখন উপদলনেতাদের নিয়ে যাওয়া হয় হংকং দ্বীপের সবচেয়ে উঁচু পাহাড় ভিক্টোরিয়ার চূড়ায়। সমুদ্রপৃষ্ঠ থেকে ৫৫২ মিটার উচ্চতার এই চূড়া থেকে পূর্ব হংকংয়ের প্রায় পুরোটাই দেখা যায়। তবে সকালে প্রচণ্ড বৃষ্টি হওয়ায় আবহাওয়া খুব একটা সুবিধার ছিল না। বিশেষ করে কুয়াশার জন্য বন্দর থেকে দূরের ছোট ছোট দ্বীপগুলো আমরা দেখতে পারিনি।
আজ ১২ জুলাই দ্বিতীয় ও শেষ দিনের পরীক্ষা হবে হংকং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তিনটি সমস্যার সমাধান করতে দেওয়া হবে শিক্ষার্থীদের। পরীক্ষা শেষে শিক্ষার্থীদের জন্য খেলাধুলাসহ হংকং ডিজনিল্যান্ডে ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন।
ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় সারা দেশে গণিত উৎসব আয়োজনের মাধ্যমে ৫৭তম আইএমওর জন্য ছয়জনের বাংলাদেশ গণিত দল নির্বাচিত হয়। নির্বাচন ও এর আনুষঙ্গিক আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।