নির্বাচিত মেয়রের অনুপস্থিতিতে প্যানেল মেয়র-১ রেজাউল হাসান কয়েস লোদীকে সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি নাইমা হায়দার ও ভবানী প্রসাদ সিংহের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, মেয়র আরিফুল হক চৌধুরী ২২ অক্টোবর চীন সফরে যান। তাঁর অনুপস্থিতিতে দ্বিতীয় প্যানেল মেয়র সালেহ আহমদ চৌধুরী ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করছেন। প্রথম প্যানেল মেয়র দেশে থাকা সত্ত্বেও দ্বিতীয় প্যানেল মেয়রকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেন আরিফুল হক। এ ঘটনায় গত মঙ্গলবার হাইকোর্টে রিট করেন রেজাউল হাসান। রিট আবেদনে বিবাদী করা হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে।
রিট আবেদনের শুনানিতে রেজাউল হাসানের পক্ষে অংশ নেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও শাহ মো. ইজাজ রহমান।
দ্বিতীয় প্যানেল মেয়র সালেহ আহমদ চৌধুরী রাজনীতিতে আওয়ামী লীগের অনুসারী হিসেবে পরিচিত। অন্যদিকে রেজাউল হাসান কয়েস লোদী সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক। আর মেয়র আরিফুল হক চৌধুরী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য।
রেজাউল হাসান বলেন, সিটি করপোরেশনের সচিবের কাছে আজ (গতকাল) আদালতের আদেশ পৌঁছেছে।
সিলেট সিটি করপোরেশনের সচিব এ সংক্রান্ত একটি চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, বিষয়টি যেহেতু আইনি তাই সিটি করপোরেশনের আইন উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।