ভারতের ১০০ কোটি ডলার ঋণ সহায়তার অধীনে প্রথমবারের মতো একটি প্রকল্পের ঠিকাদার নিয়োগের চুক্তি সই হয়েছে। চুক্তির আওতায় ১৬৫টি ব্রডগেজ ট্যাংক ওয়াগন ও ছয়টি ব্রডগেজ ব্রেক ভ্যান সংগ্রহ করা হবে।গতকাল সোমবার রেলভবনে রেলওয়ের মহাপরিচালক আবু তাহের এবং সরবরাহকারী প্রতিষ্ঠান টেক্সমাকো লিমিটেডের পক্ষে এ কে সিনহা চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পে ব্যয় হবে ১২০ কোটি টাকা। এক বছরে এসব পণ্য সরবরাহ করবে টেক্সমাকো। আমদানির পর ট্যাংক ওয়াগনের আয়ু হবে ৩১ থেকে ৪২ বছর। অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন উপস্থিত ছিলেন। তিনি বলেন, ভারতীয় ঋণে নেওয়া আরও পাঁচটি প্রকল্পে ঠিকাদার নিয়োগে শিগগিরই চুক্তি হবে। এ প্রকল্পগুলোর মাধ্যমে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। মন্ত্রী আরও বলেন, বর্তমানে ৪০ হাজার মেট্রিক টন তেল পরিবহনের ক্ষমতা আছে বাংলাদেশ রেলওয়ের। দেশে বিদ্যুতের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে স্থাপিত নতুন বিদ্যুৎ কেন্দ্রগুলোতে তেল পরিবহনে এসব ট্যাংক ওয়াগন ব্যবহার করা হবে। চুক্তি সই অনুষ্ঠানে অন্যদের মধ্যে যোগাযোগ মন্ত্রণালয়ের রেলওয়ে বিভাগের সচিব ইবাদত আলী, সড়ক বিভাগের সচিব মোজাম্মেল হক খান, ভারতীয় দূতাবাসের রেলওয়ে উপদেষ্টা চন্দ্রিমা রায় প্রমুখ উপস্থিত ছিলেন।ভারতীয় ঋণের আওতায় রেলওয়ের ১২টি প্রকল্প নেওয়া হয়েছে। এর মধ্যে সাতটি প্রকল্প ভারত অনুমোদন করেছে। বাকি পাঁচটি প্রকল্পে ব্যয় পর্যালোচনা চলছে। শিগগিরই সেগুলোর ঠিকাদার নিয়োগে ভারতের অনুমোদন পাওয়া যাবে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।