প্রথম প্রান্তিকে প্রবাসী আয় কমেছে: সংসদে অর্থমন্ত্রী
গত অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) তুলনায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রবাসী আয় ১৭ দশমিক ৮৩ শতাংশ কমেছে। আজ রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উত্থাপিত ২০১৬-১৭ অর্থবছরের প্রথম প্রান্তিকের বাজেটের বাস্তবায়ন অগ্রগতি ও আয়-ব্যয়ের গতিধারা এবং সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত অর্থবছরে প্রথম তিন মাসে প্রবাসী আয় ছিল ৩ হাজার ৯৩৩ দশমিক ৬৪ মিলিয়ন মার্কিন ডলার। এ অর্থবছরের এ সময়ে প্রবাসী আয় এসেছে ৩ হাজার ২৩২ দশমিক ১২ মিলিয়ন মার্কিন ডলার।
আয় কমার কারণ উল্লেখ করতে গিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, উন্নত দেশগুলোর অর্থনৈতিক পুনরুদ্ধারের ধীরগতি, তেলের মূল্য হ্রাসের কারণে মধ্যপ্রাচ্যে স্থবিরতা এবং ডলারের বিপরীতে টাকার মূল্য শক্তিশালী হওয়ায় প্রবাসী আয় কমতে পারে।
প্রতিবেদন উপস্থাপন করতে গিয়ে অর্থমন্ত্রী ছয়টি চ্যালেঞ্জের কথা বলেন। এগুলো হলো প্রবাসী আয়ের প্রবাহ কম, সঞ্চয়পত্রের উচ্চহার, বার্ষিক উন্নয়ন কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়িত না হওয়া, দেশের শিল্প ব্যবস্থাপনায় মধ্যম ও উচ্চপর্যায়ের প্রশিক্ষিত জনবলের অভাব, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো ও ভারসাম্য আনা এবং অবকাঠামো উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসনিকসহ বিভিন্ন বিষয়ে সংস্কার করা। মন্ত্রী তাঁর বক্তব্যে এই ছয়টি চ্যালেঞ্জ মোকাবিলায় তাঁর গৃহীত পদক্ষেপগুলোও তুলে ধরেন।
প্রবাসী আয়ের পরিস্থিতি প্রসঙ্গে প্রতিবেদনে অর্থ মন্ত্রী বলেন, ডিসেম্বর ২০১৫ থেকে জুন ২০১৬ পর্যন্ত উল্লেখযোগ্য পরিমাণে প্রবাসে নিয়োগ হলেও প্রবাসী আয়ে গতিশীলতা আসেনি। প্রবাসী আয়ের ৫৮ শতাংশ আসে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ থেকে। বিগত অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে ৫৮ দশমিক ৮ শতাংশ প্রবাস নিয়োগ বৃদ্ধি পেলেও এসব দেশ থেকে এ সময়ে প্রবাসী আয় কমেছে ১০ দশমিক ৯ শতাংশ। প্রবাসীরা অপেক্ষাকৃত কম বেতনে চাকরি নিয়ে তাঁদের কর্মস্থলে বহাল থাকায় তাঁদের আয় কমাতে হয়েছে। তেলের মূল্য কিছুটা স্বাভাবিক হলে এসব দেশ থেকে প্রবাসী আয় প্রবাহ স্বাভাবিক হবে বলে অর্থমন্ত্রী মনে করেন।