প্রথম বউকে পিটিয়ে ঘরছাড়া করলেন ওসি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করেছেন। ওই বিয়ের প্রতিবাদ করায় গত বুধবার রাতে প্রথম স্ত্রীকে বেধড়ক পিটিয়ে সন্তানসহ ঘর থেকে বের করে দিয়েছেন তিনি।এই অভিযোগ এনে গতকাল বৃহস্পতিবার পুলিশ সুপার শেখ নাজমুল আলমের সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করেছেন ওসির প্রথম স্ত্রী। জানিয়েছেন বিস্তারিত ঘটনা।শেখ নাজমুল আলম প্রথম আলোকে বলেন, ‘ওসি কামরুলের স্ত্রী দুপুরে আমার সঙ্গে দেখা করেছেন। বিষয়টি পারিবারিক হওয়ায় ওসিকে দ্রুত মিটমাট করতে বলেছি।’নাম প্রকাশে অনিচ্ছুক সিদ্ধিরগঞ্জ থানার কয়েকজন পুলিশ সদস্য প্রথম আলোকে জানান, গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানা প্রাঙ্গণে অবস্থিত আবাসিক ভবনে ওসি কামরুল তাঁর স্ত্রীকে বেধড়ক পিটিয়ে সাত বছর বয়সী ছেলেসহ বাসা থেকে বের করে দেন। কেড়ে নেন স্ত্রীর মুঠোফোন। পরে বাসায় তালা ঝুলিয়ে অজ্ঞাত স্থানে চলে যান। ওসির স্ত্রী ও ছেলের কান্না শুনে কয়েকজন পুলিশ সদস্য তাঁদের দুজনকে থানার পাশে একটি চায়ের দোকানে বসান। আহত অবস্থায় ওসির স্ত্রী ছেলেকে নিয়ে সারা রাত নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কের পাশে ওই চায়ের দোকানে বসে ছিলেন। সকালে নারায়ণগঞ্জ শহর থেকে একজন আত্মীয় এসে তাঁদের দুজনকে নিয়ে যান। শহরের একটি ক্লিনিকে ওসির স্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুপুরে পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন ওসির নির্যাতিত স্ত্রী।পুলিশ সুপারের কার্যালয়ে ওসির স্ত্রী প্রথম আলোকে বলেন, ‘ওসি কামরুল আমার অমতে দ্বিতীয় বিয়ে করেছেন। এর প্রতিবাদ করায় আমাকে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন। সর্বশেষ বুধবার রাতে কামরুল আমাকে পিটিয়ে ছেলেসহ বাসা থেকে বের করে দেন।’ওসি কামরুল দ্বিতীয় বিয়ে করেননি বলে দাবি করেছেন। স্ত্রীকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘বুধবার রাতে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল। সকালে স্ত্রী ছেলেকে নিয়ে ঢাকার ফার্মগেটের বাসায় চলে গেছেন। স্ত্রীকে কোনো নির্যাতন করিনি।’প্রথম আলোর কাছে ওসি কামরুলের দ্বিতীয় বিয়ের কাবিননামার ফটোকপি আছে। কাবিননামা অনুযায়ী, গত ২৪ আগস্ট তিনি মুনমুন নামের এক নারীকে এক লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন। ওই স্ত্রীকে ঢাকার রামপুরার বনশ্রী আবাসিক এলাকার এক ফ্ল্যাট ভাড়া করে রেখেছেন। গত ১ আগস্ট থেকে মাসিক ২০ হাজার টাকা চুক্তিতে তিনি ফ্ল্যাটটি ভাড়া নেন। বাড়িওয়ালার সঙ্গে চুক্তিপত্রে ওসি কামরুল আলম মোল্লা তাঁর নাম লিখেছেন কামরুল ইসলাম মোল্লা। বাবার নাম শামসুল আলম মোল্লা হলেও লিখেছেন তোফাজ্জল হোসেন। ওসির গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার ইচাখালী গ্রামে, কিন্তু ভাড়ার চুক্তিপত্রে স্থায়ী ঠিকানা লিখেছেন: ৪৭/১ নিউ চাষাঢ়া, জামতলা, নারায়ণগঞ্জ। বর্তমান ঠিকানা লিখেছেন: ৩৭ নম্বর ঈশা খাঁ রোড, নারায়ণগঞ্জ।