রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্যরা বলেছেন, বর্তমান সরকারের প্রথম বছরের বড় সাফল্য হলো, দ্রব্যমূল্য স্থিতিশীল রয়েছে। বঙ্গবন্ধুর পাঁচ খুনির ফাঁসি কার্যকর করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাবের ওপর এ আলোচনা হয়। আলোচনায় অংশ নেওয়া সাংসদেরা সরকারের সাফল্য দাবির পাশাপাশি বিরোধী দলের সমালোচনাও করেন। একই সঙ্গে তাঁরা বিরোধী দলকে সংসদে ফেরারও আহ্বান জানান।আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুল জলিল বিরোধী দলের উদ্দেশে বলেন, ‘প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে তাঁর লাশ আছে কি না, তা পরীক্ষা করার চ্যালেঞ্জ গ্রহণ করুন।’কয়েক দিন আগে আওয়ামী লীগের অপর নেতা শেখ ফজলুল করিম সেলিম সংসদে বলেছিলেন, জিয়ার কবরে তাঁর লাশ আছে কি না, তা নিশ্চিত করতে ডিএনএ টেস্ট করতে হবে। আব্দুল জলিল এ প্রস্তাব সমর্থন করে বলেন, তথাকথিত কবর আর মাজার যা-ই বলেন, তাতে কী আছে তা দেশবাসীকে জানাতে হবে। এসব নিয়ে রাজনীতি করা ঠিক নয়।বর্তমান সরকারের এক বছরে সাফল্যের দাবি করে জলিল বলেন, ‘এখন দ্রব্যমূল্য মোটামুটি স্থিতিশীল। দু-একটি পণ্যের দাম বেড়েছে। কিন্তু তা একেবারে অসহনীয় নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের চেয়ে ভালো। তবে পরিস্থিতি আরও উন্নয়নের প্রয়োজন রয়েছে। কারণ, জনগণের ভোটে আমরা সরকার গঠন করেছি।’ ভারতের সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পর্কে তিনি বলেন, এর ফলে বাংলাদেশ ভবিষ্যতে সুন্দরভাবে চলবে। তিনি বিরোধী দলের উদ্দেশে বলেন, বাইরে উল্টাপাল্টা বক্তব্য না দিয়ে সংসদে আসুন। সত্যকে সত্য বলুন। হুইপ সাগুফতা ইয়াসমীন বলেন, গত এক বছরে বর্তমান সরকার সফলতা প্রমাণ করেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করাই এ সরকারের সবচেয়ে বড় সাফল্য। বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকরের মধ্য দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।আলোচনায় আরও অংশ নেন মেহের আফরোজ, তানভীর শাকিল, মঞ্জুর কাদের কোরাইশী, আবদুস সাত্তার, আসাদুজ্জামান খান প্রমুখ। ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা শেষে সংসদের অধিবেশন আগামী ১০ ফেব্রুয়ারি বিকেল তিনটা পর্যন্ত মুলতবি করা হয়।