চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ২৬ নভেম্বর শুরু হবে। শেষ হবে ১ ডিসেম্বর। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় যোগ্যতাও নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক আ ক ম ফজলুল হক পাশা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি আবেদনের নির্ধারিত সময় আগামী ৫ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর। মুঠোফোন কোম্পানি টেলিটক সংযোগ থেকে এসএমএসের মাধ্যমে ১৬২২২ নম্বরে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদন করতে হবে।বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন ফি এবার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। যখন যে পরীক্ষা অনুষ্ঠিত হবে: আগামী ২৬ নভেম্বর সকাল সাড়ে ১০টায় বিজ্ঞান অনুষদের (এ ইউনিট) এবং বেলা আড়াইটায় বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের (এফ ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ২৭ নভেম্বর সকালে জীববিজ্ঞান অনুষদ (এইচ১-৩ ইউনিট) ও বিকেলে সামুদ্রিক বিজ্ঞান ইনস্টিটিউটের (জি ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।২৮ নভেম্বর সকালে ব্যবসায় প্রশাসন অনুষদের ব্যবসায় শিক্ষা (সি১ ইউনিট) এবং বিকেলে বিজ্ঞান ও মানবিক (সি২, সি৩ ইউনিট) পরীক্ষা হবে।এ ছাড়া ২৯ নভেম্বর সকালে কলা ও মানববিদ্যা অনুুষদের (বি১ ইউনিট) পরীক্ষা হবে। ৩০ নভেম্বর সকালে সমাজবিজ্ঞান অনুষদ (ডি১, ডি২ ও ডি৩ ইউনিট) ও বিকেলে কলা ও মানববিদ্যা অনুষদের চারুকলা, নাট্যকলা, আরবি ও ইসলামিক স্টাডিজ এবং প্রাচ্যভাষার (বি২-বি৫) পরীক্ষা এবং শেষ দিন ১ ডিসেম্বর সকালে আইন অনুষদের (ই ইউনিট) পরীক্ষা অনুষ্ঠিত হবে।কোন ইউনিটের পরীক্ষায় কী কী যোগ্যতা প্রয়োজন: বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদ ও তিনটি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা আটটি ইউনিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ‘এ’, ‘জি’ ও ‘এইচ’ ইউনিটে এসএসসি, দাখিল বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া ন্যূনতম জিপিএ ৭ পয়েন্ট থাকতে হবে এবং কোনো পরীক্ষায় জিপিএ ৩-এর নিচে নয়। অন্যদিকে ‘সি’ ইউনিটের জন্য শিক্ষার্থীদের চতুর্থ বিষয় ছাড়া জিপিএ ৭ দশমিক ৫০ পয়েন্ট এবং উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫০ থাকতে হবে। এ ছাড়াও ‘বি’ ও ‘ডি’ ইউনিটে জিপিএ ৬ পয়েন্ট, ‘ই’ ইউনিট জিপিএ ৬.৫০ পয়েন্ট এবং কোনো পরীক্ষায় জিপিএ ৩ পয়েন্টের নিচে নয়। এ ছাড়া ‘এফ’ ইউনিট জিপিএ ৭.৫০ পয়েন্ট এবং কোনো পরীক্ষাতেই জিপিএ ৩.৫০-এর নিচে নয়।ভর্তি-সংক্রান্ত তথ্য জানতে: ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cu.ac.bd) তে পাওয়া যাবে।