জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে আদিবাসী কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা চরম হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন একাধিক শিক্ষার্থী। আদিবাসী কোটায় ভর্তির ক্ষেত্রে শুধু সংশ্লিষ্ট জেলা প্রশাসন থেকে দেওয়া সনদপত্র গৃহীত হবে—এমন শর্ত আরোপ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তাঁরা অভিযোগ করেন।আদিবাসী শিক্ষার্থীরা জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সময়ে আদিবাসী কোটায় ভর্তির ক্ষেত্রে শুধু সংশ্লিষ্ট জেলা প্রশাসন থেকে দেওয়া সনদপত্র গৃহীত হবে এমন শর্ত আরোপ করা হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে তাঁদের নিজস্ব জেলা প্রশাসন অথবা সার্কেল চিফ বা গোত্র-প্রধান প্রদত্ত সনদপত্র গ্রহণ করা হতো। তবে বর্তমানে নতুন এই শর্তের ফলে তাঁদের ভর্তির ক্ষেত্রে ভোগান্তির শিকার হতে হচ্ছে। এ ছাড়া আদিবাসী শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার ঊর্ধ্বতন এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তিনি শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং পরবর্তী বছর এ কোটা বন্ধ করে দেওয়া হবে বলেও হুমকি দেন বলে অভিযোগ করেন আদিবাসী শিক্ষার্থীরা। পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবলু চাকমা বলেন, একাধিক আদিবাসী শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহারের বিষয়টি শুনেছি। আদিবাসী শিক্ষার্থীদের ভর্তি-প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিকতা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, আদিবাসী শিক্ষার্থীরা যেন তাঁদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হন, সে ব্যাপারে অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।