রাজশাহী্রবিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষে আটটি অনুষদভুক্ত ১৪টি ইউনিটে তিন হাজার ৪০০ আসনের বিপরীতে এবার এক লাখ ৩১ হাজার ১৫৯ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে ৩৯ জন প্রতিযোগী ভর্তি পরীক্ষায় প্রতিদ্বন্দ্বিতা করবেন।বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর রাত ১২টা এক মিনিট থেকে শিক্ষার্থীরা মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটকের খুদেবার্তার মাধ্যমে ভর্তি পরীক্ষার জন্য নিবন্ধন শুরু করেন। ২৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হবে। বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (একাডেমিক) এ এইচ এম আসলাম হোসেন জানান, শুক্রবার দিবাগত রাত ১২টায় ২০১১-১২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে মুঠোফোনের খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের সময় শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান ও সহ-উপাচার্য এম নূরুল্লাহ বলেন, চলতি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের অধীনে পরিচালিত অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগে পাঁচটি, ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে পাঁচটি, চারুকলা বিভাগে ১০টি এবং আদিবাসী ক্ষুদ্র্র নৃ-গোষ্ঠী কোটায় পাঁচটি ও শারীরিক প্রতিবন্ধী কোটায় পাঁচটি করে মোট ৩০টি আসন বাড়ানো হয়েছে।