প্রথম বর্ষে ভর্তিতে কমানো হয়েছে ৩৯৪ আসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি করা হবে দুই হাজার ২৬ জন শিক্ষার্থী। গত বছর ভর্তি করা হয়েছিল দুই হাজার ৪২০ জন শিক্ষার্থী। সেই হিসাবে এবার ৩৯৪টি আসন কমানো হয়েছে। অতিরিক্ত শিক্ষার্থীর চাপ কমিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফেরানো, ফল বিপর্যয় রোধ, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর আবাসনব্যবস্থা নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয় মাথায় রেখে আসন কমানো হয়েছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে। তবে বিভিন্ন বিভাগের শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, এর মাধ্যমে শিক্ষার সংকোচন করা হচ্ছে। কয়েকটি বিভাগে ‘অযৌক্তিকভাবে’ আসন কমানোয় বিস্ময় প্রকাশ করেন তাঁরা।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এ বছর মেধাতালিকা থেকে ভর্তি করা হবে এক হাজার ৭৯৭ জন শিক্ষার্থীকে। এ ছাড়া ২২৯ জনকে ভর্তি করা হবে বিভিন্ন কোটায়। সেই হিসাবে এবার মোট দুই হাজার ২৬ জন শিক্ষার্থীকে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছর ভর্তি করা হয়েছিল মোট দুই হাজার ৪২০ জনকে। গত বছর প্রত্নতত্ত্ব বিভাগে ৬০ জন শিক্ষার্থী ভর্তি করা হলেও এবার করা হবে ৩০ জন, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ৫০ জনের স্থলে এবার ২০ জন, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩৫ জনের স্থলে এবার ২০ জন এবং পরিসংখ্যান বিভাগে ৮০ জনের স্থলে এবার ৫৫ জনকে ভর্তি করা হবে। এ ছাড়া ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে গত বছর ৬৭ জন করে ভর্তি করা হলেও এবার প্রতিটিতে ৪৫ জন ভর্তি করা হবে।বিভিন্ন বিভাগের শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর কয়েকটি বিভাগে শিক্ষার্থী কম ভর্তি করার সিদ্ধান্তের যৌক্তিকতা রয়েছে। তবে তাঁদের অভিযোগ, বেশ কয়েকটি বিভাগে অস্বাভাবিক হারে আসন কমানো হয়েছে।ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক খায়রুল বসর প্রথম আলোকে বলেন, বিভিন্ন বিভাগের সভাপতি, অনুষদের ডিন ও ইনস্টিটিউটের পরিচালক প্রচলিত নিয়মনীতির তোয়াক্কা না করেই আসন কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি পুনর্বিবেচনা করতে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ার হোসেন বলেন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, অনুষদের ডিন ও বিভাগের একাডেমিক সভার মাধ্যমে আসনসংখ্যা নির্ধারণের নির্দেশ দেওয়া হয়। তাঁদের মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কয়েকটি বিভাগে যথাযথ প্রক্রিয়ায় আসনসংখ্যা নির্ধারণ না করায় তা পুনর্নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। উপাচার্য দাবি করেন, গত বছর অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করায় বিভিন্ন বিভাগে ফল বিপর্যয় দেখা দেয়। এ ছাড়া শিক্ষার্থীদের আবাসন সমস্যাসহ বিভিন্ন সংকট নিরসনের লক্ষ্যেই আসন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সাক্ষাৎকার ৩ ডিসেম্বর থেকে: এ বছর স্নাতক প্রথম বর্ষে ভর্তির সাক্ষাৎকার গ্রহণ শুরু হচ্ছে আগামী ৩ ডিসেম্বর। চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সদস্যসচিব মোহাম্মদ আলী জানান, এ ছাড়া নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা ১ ডিসেম্বর শুরু হয়ে ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে।