রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ওরিয়েন্টেশন সভা গতকাল শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার থেকে ক্লাস শুরু হবে। ভর্তি হওয়া কোনো শিক্ষার্থী টানা ১০ শিক্ষাদিবস অনুপস্থিত থাকলে তাঁর ছাত্রত্ব বাতিল হবে।
গতকাল সকালে কেন্দ্রীয় অডিটরিয়ামে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক মোহা. রফিকুল আলম বেগ। ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক এন এইচ এম কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. মোশাররাফ হোসেন, পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক মোহা. আবদুস সোবহান, যন্ত্রকৌশল অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নীরেন্দ্র নাথ মুস্তাফি প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
চলতি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ১৪টি বিভাগে মোট ৮৭৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। পাঁচ দফা মেধাতালিকা দিয়েও ২২৮টি আসন শূন্য থাকায় বর্ধিত মেধাতালিকা প্রকাশ করে শিক্ষার্থী ভর্তি করা হয়। ভর্তির সময়সীমা বৃদ্ধি করায় ১৪ জানুয়ারির পরিবর্তে ২৮ জানুয়ারি ক্লাস শুরুর ঘোষণা দেয় কর্তৃপক্ষ।