জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা আগামী ৮ থেকে ১৭ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় ২০১১-১২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা আগামী ৮ থেকে ১৭ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে বিশ্ববিদ্যালয়ের ওয়বসাইট (www.juniv.edu) ও পত্রিকার মাধ্যমে জানানো হবে।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, ‘শিক্ষার্থীদের শিক্ষাজীবন যেন দীর্ঘায়িত না হয়, সেই লক্ষ্যে এইচএসসির ফলাফল প্রকাশের পরপরই ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করেছি। আবেদনপত্র সংগ্রহ ও জমাদানের সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।’