চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা কাল রোববার শুরু হচ্ছে। শেষ হবে ১৮ নভেম্বর। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।ভর্তি-ইচ্ছুকদের জন্য বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cu.ac.bd) পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের নয়টি ইউনিটের প্রায় চার হাজার আসনে এবার দেড় লক্ষাধিক ভর্তি-ইচ্ছুক আবেদন করেছেন।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বলেন, প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ভর্তি-ইচ্ছুকদের নিরাপত্তায় ক্যাম্পাসে অতিরিক্ত র্যাব-পুলিশ মোতায়েন করা হয়েছে।ভর্তি পরীক্ষার প্রথম দিন রোববার সকালে ‘সি’ ইউনিটের (ব্যবসায় প্রশাসন অনুষদ) অধীনে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকেলে মানবিক ও বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকালবেলার পরীক্ষাগুলো সকাল সাড়ে ১০টায় এবং বিকেলবেলার পরীক্ষাগুলো বেলা আড়াইটায় শুরু হবে। ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিন সোমবার সকালে ‘এইচ’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) এবং বিকেলে ‘জি’ ইউনিটের (মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ ইনস্টিটিউট) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা শেষ হবে ১৮ নভেম্বর। ওই দিন সকালে ‘ডি’ ইউনিটের (সমাজবিজ্ঞান অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।এদিকে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা এবার বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসিক হলে অবস্থান করতে পারবেন না বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে ভর্তি-ইচ্ছুকদের প্রবেশপত্র প্রদর্শন করতে হবে।