চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতকে ভর্তি কার্যক্রম আজ মঙ্গলবার থেকে শুরু হবে।
আজ প্রথম দিন নির্ধারিত মেধাতালিকা অনুসারে প্রকৌশল বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ১-২০০ জনের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। একই দিন স্থাপত্য বিভাগের ১-৩০ পর্যন্ত এবং উপজাতি শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।
এ ছাড়া বুধ ও বৃহস্পতিবার প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের মেধাতালিকার যথাক্রমে ২০১-৪৩০ এবং ৪৩১-৬০০ পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে। আসন খালি থাকা সাপেক্ষে বৃহস্পতিবার বিকেলে প্রথম অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হবে।
প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি শুরু হবে ৩০ জানুয়ারি। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। ভর্তিসংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইট (www.cuet.ac.bd) থেকে জানা যাবে।