প্রথম বাঙালি কার্ডিনালকে সংবর্ধনা
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রাখাইন সম্প্রদায়ের পক্ষ থেকে বিশ্বের প্রথম বাঙালি কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিওকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে কুয়াকাটার কাছে আমখোলা পাড়া গ্রামের রাখাইন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পটুয়াখালী জেলা রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি উথাচিন তালুকদারের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও। এ সময় তিনি বলেন, ‘এ অঞ্চলের রাখাইন সম্প্রদায়ের সঙ্গে আমার আত্মার সম্পর্ক গড়ে উঠেছে। রাখাইন সম্প্রদায়সহ উপকূলীয় এলাকার মানুষজন জলবায়ুর নেতিবাচক প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব মানুষের জন্য আমি কাজ করে যাব। দুর্যোগের ঝুঁকি হ্রাস করার জন্য আরও কী করা যায়, তা নিয়ে বিভিন্ন দাতাগোষ্ঠীর সভায় আমি আলোচনা করব। আমি উপকূলীয় অঞ্চলের মানুষের পাশে রয়েছি।’ বিশ্বের সব মানুষের জন্য শান্তি কামনা করে কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও তাঁর বক্তব্য শেষ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বরিশাল অঞ্চলের বিভাগীয় বিশপ লরেন্স সুব্রত হাওলাদার, কারিতাস বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস ব্যাপারী, ফাদার সাইমুন প্যাট্রিক গোমেজ, ফাদার মাইকেল কলিন্স সরকার, ফাদার বিপুল দাস এবং কারিতাস আইসিডিপি রাখাইন প্রকল্পের সমন্বয়কারী মেইনথিন প্রমীলা প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিওকে রাখাইনদের নিজস্ব তাঁতে বোনা চাদর উপহার দেন রাখাইন তরুণী জেমা। রাখাইনদের ঐতিহ্যবাহী পিঠাপুলি দিয়ে কার্ডিনালকে আপ্যায়িত করা হয়।