প্রথম বাজেট ঘোষণা করলেন সেলিনা হায়াৎ আইভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন কর আরোপের প্রস্তাব ছাড়াই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০১২-১৩ অর্থবছরের রাজস্ব ও উন্নয়নসহ মোট ৩১৫ কোটি ৪৬ লাখ ৪৫ হাজার ৩০৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় নগর ভবনে গণমাধ্যম ও বিশিষ্ট নাগরিকদের সামনে এ বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৩১৫ কোটি ৪৬ লাখ ৪৫ হাজার ৩০৭ টাকা। রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ব্যয় ধরা হয়েছে ৩০৯ কোটি ১৬ লাখ ২৯ হাজার ২১৩ টাকা। ঘোষিত বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ছয় কোটি ৩০ লাখ ১৬ হাজার চার টাকা। সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘১৮৭৬ সালে গঠিত নারায়ণগঞ্জ পৌরসভা ২০১১ সালে সিটি করপোরেশনে উন্নীত হয়। এর আগে ২০০৩ সালে আমি পৌর মেয়র নির্বাচিত হয়ে আটটি বাজেট ঘোষণা করেছি। প্রায় শূন্য তহবিল নিয়ে দায়িত্ব নেওয়ার পর নাগরিকদের সহায়তায় একটি সমৃদ্ধিশালী পৌরসভা হিসেবে গড়ে তুলতে সক্ষম হই। যার প্রতিদান হিসেবে নানা বাধাবিপত্তি সত্ত্বেও নাগরিকেরা আমাকে বিপুল ভোটে সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত করেছে। গত বছরের ১ ডিসেম্বর দায়িত্ব গ্রহণের পর এ পর্যন্ত ৬০ কোটি টাকার উন্নয়নকাজের দরপত্র আহ্বান করা হয়েছে। আরও ২৮৮টি উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিম্নবিত্ত ও মানুষের কর্মসংস্থানের জন্য, নারীর ক্ষমতায়নের লক্ষ্যে দুটি প্রকল্পের আওতায় ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পঞ্চবটীতে ৬ দশমিক ২ একর জমির ওপর অ্যামিউজমেন্ট পার্ক নির্মাণের কাজ চলছে। ১৮ নম্বর ওয়ার্ডে স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে। দীর্ঘদিন যাবৎ নগরবাসীর সেবায় নিয়োজিত সুইপারদের জীবনযাত্রার মানোন্নয়নে তাদের কলোনিতে বহুতল আবাসিক ভবন নির্মাণের পরিকল্পনা আছে। বাজেট ঘোষণার সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিনুল্লাহ নূরী, ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।