প্রথম বিশ্বযুদ্ধের শতবর্ষ পূর্তিতে নজরুলকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম বিশ্বযুদ্ধে বাঙালিদের, বিশেষভাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যোগদানের কথা স্মরণ করলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন। তিনি বলেছেন, কথা ছিল, প্রথম বিশ্বযুদ্ধ পৃথিবীর সব যুদ্ধ থামিয়ে দেবে। কিন্তু তা হয়নি। 
গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক আন্তর্জাতিক সম্মেলনে ব্রিটিশ হাইকমিশনার এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ প্রথম বিশ্বযুদ্ধের শতবর্ষ পূর্তিতে দ্য গ্রেট ওয়ার অ্যান্ড ইংলিশ স্টাডিজ শীর্ষক এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে।
তবে যুদ্ধের আরেকটি দিক উল্লেখ করে উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার আরও বলেন, প্রথম বিশ্বযুদ্ধ গোটা ইউরোপকে চিরকালের জন্য বদলে দিয়েছিল। এর ফলে নারীরা ভোটাধিকার অর্জন করেন এবং চিকিৎসাবিজ্ঞানের ব্যাপক উন্নতি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বিশ্বযুদ্ধের ভয়াবহতা ও এর পরিণাম সম্পর্কে অধিক হারে মানুষকে জানাতে হবে, যেন ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
মূল প্রবন্ধে ইংরেজি বিভাগের অধ্যাপক কায়সার হক বলেন, প্রথম বিশ্বযুদ্ধের ফলে গোয়েন্দা তৎপরতা বেড়ে যায়। পাসপোর্টের চলন শুরু হয় সেই সময় থেকে। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক তাহমিনা আহমেদ অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ও সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ফকরুল আলম এতে স্বাগত বক্তব্য দেন।
সম্মেলনের প্রথম দিনে সাহিত্য, চলচ্চিত্র, শিল্পচর্চা ও মননে বিশ্বযুদ্ধের প্রভাব নিয়ে বেশ কয়েকটি অধিবেশন হয়।