প্রথম ময়নাতদন্তে ভুল তথ্য ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তনুর লাশের দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ ও হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধনের একাংশ। গতকাল বিকেলে জেলা শহরের কান্দিরপাড় টাউন হলের সামনের সড়কে ‘কুমিল্লা সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে ওই কর্মসূচি পালন করা হয় l ছবি: প্রথম আলো
তনুর লাশের দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ ও হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধনের একাংশ। গতকাল বিকেলে জেলা শহরের কান্দিরপাড় টাউন হলের সামনের সড়কে ‘কুমিল্লা সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে ওই কর্মসূচি পালন করা হয় l ছবি: প্রথম আলো

আইনশৃঙ্খলা রক্ষাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলার প্রথম ময়নাতদন্তে কিছুটা বিভ্রান্তি ও ভুল তথ্য ছিল। এ কারণেই দীর্ঘসূত্রতা হয়েছিল। তিনি বলেন, ডিএনএ পরীক্ষায় তনুকে ধর্ষণের আলামত পেয়েছে সিআইডি। এতে তিনজনের জড়িত থাকার আলামত পাওয়া গেছে।
গত রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আমির হোসেন আমু।
এ বিষয়ে জানতে চাইলে প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক শারমিন সুলতানা গতকাল প্রথম আলোকে বলেন, ‘মাননীয় মন্ত্রীর বক্তব্য নিয়ে আমার কোনো মন্তব্য নেই। তনুর ডেড বডিতে আমি যা পেয়েছি, সেভাবেই ময়নাতদন্ত করেছি। ময়নাতদন্তের সময় যেসব বিষয় দেখা হয়, সেসব দিক বিবেচনায় নিয়েই ওই প্রতিবেদন দিয়েছি।’
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী তনু খুন হন গত ২০ মার্চ। পরদিন ওই রাতেই কুমিল্লা সেনানিবাসের একটি ঝোপ থেকে তনুর লাশ উদ্ধার করেন তাঁর বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারী ইয়ার হোসেন। পরদিন লাশের ময়নাতদন্ত হয়। তনুর মাথার জখমসহ তথ্য গোপনের অভিযোগে ওই ময়নাতদন্তের প্রতিবেদন নিয়ে বিতর্ক ওঠে। সেই প্রতিবেদনে বলা হয়, তনুর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। পরে আদালতের নির্দেশে ৩০ মার্চ কবর থেকে তনুর লাশ উত্তোলন করে দ্বিতীয় দফা ময়নাতদন্ত করা হয়। এরপর ৫৪ দিন পার হয়েছে। এখনো প্রতিবেদন জমা দেওয়া হয়নি। দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশ এবং তনুর হত্যার বিচারের দাবিতে গতকাল সোমবার মানববন্ধন করেছে ‘কুমিল্লার সর্বস্তরের জনগণ’।
কুমিল্লার কান্দিরপাড় টাউন হলের সামনের সড়কে ওই মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, তনুর লাশের দ্বিতীয় ময়নাতদন্ত নিয়ে অযথা সময়ক্ষেপণ করা হচ্ছে। এতে করে মৃত্যুর কারণ নির্ণয়, আসামি শনাক্তকরণ নিয়ে জটিলতা দেখা দিচ্ছে। তদন্ত নিয়েও দীর্ঘসূত্রতা
দেখা দিয়েছে। অবিলম্বে দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে। প্রথম ময়নাতদন্তের অসংগতি দূর করতে হবে।
বেসরকারি উন্নয়ন সংস্থা এইড কুমিল্লার নির্বাহী পরিচালক রোকেয়া বেগম বলেন, তনু কীভাবে মারা গেল, এটা নিশ্চিত হতে কেন এত সময় লাগবে? দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন নিয়ে টালবাহানা কোনোভাবেই বরদাশত করা যায় না।
আরও বক্তব্য দেন ক্রীড়া সংগঠক বদরুল হুদা, নাট্যজন শাহজাহান চৌধুরী, প্রত্যয় কুমিল্লার নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার, কর্মজীবী নারী কুমিল্লার সম্পাদক আয়েশা সিদ্দিকা, মহিলা হস্তশিল্প কুমিল্লার নির্বাহী পরিচালক নিলুফার ইয়াসমিন, তরী সামাজিক বুনন সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়কারী রেজবাউল হক, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী এনামুল হক প্রমুখ।
দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন কবে দেওয়া হবে, জানতে চাইলে ময়নাতদন্তকারী মেডিকেল বোর্ডের প্রধান ও কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক কামদা প্রসাদ সাহা গতকাল প্রথম আলোকে বলেন, ডিএনএ প্রতিবেদন হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন জমা দেওয়া হবে। তিনি বলেন, ‘কাল (আজ মঙ্গলবার) মেডিকেল কলেজ খুলবে। ওই দিন মেডিকেল বোর্ডের সদস্যদের নিয়ে বসব। এরপর সবার সিদ্ধান্ত নিয়ে আইনজীবীর সঙ্গে কথা বলে আদালতের মাধ্যমে ডিএনএ প্রতিবেদন সংগ্রহ করা হবে।’