প্রথম মেগা পুরস্কার গাড়ি পেয়েছেন তৌফিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপস্থিত দর্শকদের মধ্যে টান টান উত্তেজনা। কার কুপন উঠবে? কে পাচ্ছেন প্রথম মেগা পুরস্কার ১৫০০ সিসির গাড়ি? এমনি নানা গুঞ্জন। অবশেষে তোলা হলো সাইকেল লাইফ-প্রথম আলো বিশ্বকাপ কুইজের প্রথম মেগা পুরস্কার বিজয়ী ব্যক্তির কুপন। ঘোষণা করা হলো পুরস্কারজয়ী ভাগ্যবান তৌফিকের নাম। তিনি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র।অনুষ্ঠানে তৌফিক ছিলেন না। পরে কুপনে থাকা মোবাইলে ফোন করে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন আয়োজকেরা। কিন্তু অপর প্রান্ত থেকে সাড়া নেই। দর্শকদের মধ্যে তখন আলোচনা, আহা, তিনি জানলেনও না কত বড় সুখবর ছিল এই ফোনে।সাইকেল লাইফ-প্রথম আলো বিশ্বকাপ কুইজের এই মেগা ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় গতকাল বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে। অনুষ্ঠানে আট-নয় লাখ কুপন থেকে বিজয়ীদের কুপনগুলো তোলেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও কোচ শফিকুল ইসলাম মানিক এবং জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি।ড্রয়ে দ্বিতীয় পুরস্কার একটি ৩২ ইঞ্চি এলসিডি টেলিভিশন পান ঢাকার খিলগাঁওয়ের মাহাবুবুর রহমান। তিনিও অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। তবে কুপনে থাকা মোবাইলে ফোন করে তাঁকে পুরস্কারের বিষয়টি জানিয়ে দেওয়া হয়।শফিকুল ইসলাম মানিক বলেন, যাঁরা কুইজে অংশগ্রহণ করে বিজয়ী হলেন তাঁরা ভাগ্যবান। প্রথম আলো এ ধরনের কুইজ চালু রাখলে ক্রীড়ামোদী পাঠক ও দর্শকের সংখ্যা বাড়বে।সাইকেল লাইফ মেঘনা গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান। অনুষ্ঠানে মেঘনা গ্রুপের নির্বাহী পরিচালক মো. এম এ হালিম খান বলেন, বিশ্বকাপ ঘিরে প্রথম আলো পাঠকদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করে। সে উন্মাদনায় মেঘনা গ্রুপকে সম্পৃক্ত করায় তিনি প্রথম আলোকে এবং কুইজে বিজয়ীদের ধন্যবাদ জানান। তিনি জানান, মেঘনা গ্রুপ বাইসাইকেল তৈরি করে এতদিন বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করত। বর্তমানে তা দেশের বাজারেও পাওয়া যাবে।অনুষ্ঠানে প্রথম আলোর সহযোগী সম্পাদক সোহরাব হাসান বলেন, দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ শেষ হলেও বাংলাদেশে যে তা শেষ হয়নি, তা এ অনুষ্ঠানের উন্মাদনা থেকেই স্পষ্ট হচ্ছে। তিনি এ ধরনের কুইজ বছরজুড়ে করার পক্ষে মত দেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপের মহাব্যবস্থাপক আনিসুজ্জামান চৌধুরী, সাইকেল লাইফ লিমিটেডের বিপণন ব্যবস্থাপক আবু সায়েম ও প্রথম আলোর ক্রীড়া বিভাগের বিশেষ প্রতিনিধি মাসুদ আলম।মেগা তৃতীয় পুরস্কার একটি করে বাইসাইকেল পেয়েছেন ১০ জন। তাঁরা হলেন মো. আরিফুর রহমান, করিম কুটির, বরিশাল; মো. তাহের, ৪২ এম এম আলী রোড, চট্টগ্রাম; শামছ্, রেলস্টেশন রোড, সিলেট, মো. ফখরুল ইসলাম, ১০২-অপরাজিতা, ইস্কাটন গার্ডেন, ঢাকা; আজিজ, ২১০ বড় মগবাজার, ঢাকা; হীরা, হরিণটানা, খুলনা; আরিফুল আলম, ২৬ হাতিরপুল, ঢাকা; রেজাউল করিম, ঢাকা; মো. মারুফ, চাঁদপুর ভূঁইয়াবাড়ি, কুমিল্লা এবং হাসান মাহমুদ, ১৬৬/১ দেওয়ানপাড়া, কাফরুল, ঢাকা।সাইকেল লাইফ-প্রথম আলো বিশ্বকাপ কুইজ ছিল চার পর্বের। প্রতি পর্বের তিনজন (প্রথম, দ্বিতীয় ও তৃতীয়) করে মোট ১২ জন বিজয়ীর হাতে গতকাল পুরস্কার তুলে দেওয়া হয়। এ চার পর্বের সব কুপন একসঙ্গে করে ড্রয়ের মাধ্যমে দেওয়া হয় মেগা পুরস্কার।অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রথম আলোর ব্র্যান্ড নির্বাহী জাবেদ সুলতান।