প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসককে সিআইডির জিজ্ঞাসাবাদ
কুমিল্লার সরকারি ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর লাশের প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসক ও কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক শারমিন সুলতানাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে তাঁকে সিআইডি কুমিল্লা দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জিজ্ঞাসাবাদে উপস্থিত রয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার ও তদন্ত সহায়ক দলের প্রধান আবদুল কাহার আকন্দ। উপস্থিত রয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার নাজমুল করিম খান ও মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গাজী মোহাম্মদ ইব্রাহীম।
এর আগে দুপুরে আবদুল কাহার আকন্দের নেতৃত্বে সিআইডির একটি দল কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকায় গিয়ে তনুর বাসায় যায়। এ সময় তারা তনুর বাবা ইয়ার হোসেন ও মা আনোয়ারা বেগমের সঙ্গে কথা বলে।
সিআইডি দল ক্যান্টনমেন্ট বোর্ড অতিথিশালায় বিভিন্ন ব্যক্তির সঙ্গেও কথা বলে। সিআইডির বিশেষ পুলিশ সুপার নাজমুল করিম খান প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেন।
গত ২০ মার্চ রাতে তনুর লাশ কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকা থেকে উদ্ধার করা হয়।