প্রথম রাজধানীর স্বীকৃতির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গাকে ‘প্রথম রাজধানী’র স্বীকৃতির দাবিতে গতকাল রোববার জেলা শহরে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। চুয়াডাঙ্গা প্রথম রাজধানী বাস্তবায়ন পরিষদ এর আয়োজন করে। মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠন, মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেয়।
বড় বাজার শহীদ হাসান চত্বরে সকাল নয়টার দিকে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা, মুক্তিযুদ্ধকালীন পতাকা ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনব্যাপী কর্মসূচির শুরু হয়। জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান এর উদ্বোধন করেন। উদ্বোধনের পর মানববন্ধন করা হয়। এরপর শোভাযাত্রা বের হয়। পরে বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ওয়ালিউর রহমান মালিকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে চুয়াডাঙ্গাকে সদর দপ্তর করে দক্ষিণ-পশ্চিমাঞ্চল কমান্ড গঠিত হয়। এখান থেকেই গোটা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মুক্তিযুদ্ধ পরিচালনা করা হতো। ১০ এপ্রিল চুয়াডাঙ্গায় মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকার গঠন ও শপথ নেওয়ার দিন ঠিক করা হয়। কিন্তু বোমা হামলা হওয়ায় মেহেরপুরের বৈদ্যনাথতলায় (মুজিবনগর) অস্থায়ী সরকার গঠন ও এর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।