প্রথম রোজা থেকে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার প্রথম রোজা থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি দেওয়া হচ্ছে। গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোজার শুরু থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দেওয়ার জন্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানকে নির্দেশ দেওয়ার পর মন্ত্রণালয় ছুটির বিষয়ে কাজ শুরু করে।
জানতে চাইলে শিক্ষামন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘প্রথমে আমরা রোজার ১০ তারিখ পর্যন্ত ক্লাস চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু মানুষের কষ্ট ও রোজার বিষয়টি বিবেচনা করে প্রথম রোজা থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দেওয়ার বিষয়টি চিন্তাভাবনা করছি।’
সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভায় উপস্থিত একজন মন্ত্রী প্রথম আলোকে বলেন, বৈঠকে শিক্ষামন্ত্রী কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও দশম রোজা থেকে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দেওয়ার বিষয়টি তুলে ধরলে তখন প্রধানমন্ত্রী বলেন, রোজায় সবারই কাজ বেড়ে যায়। নারীরা ব্যস্ত থাকেন। রোজার সময় সকালে বাচ্চাদের স্কুলে নেওয়াও কষ্টকর। এ জন্য প্রথম রোজা থেকেই স্কুল-কলেজ ছুটি দেওয়া উচিত।
কয়েক বছর ধরে দশম রোজা থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি হয়। গতবার রাজনৈতিক অস্থিরতার কারণে ছুটি কমিয়ে আনা হলেও পরে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়। রোজায় অফিস নয়টা থেকে সাড়ে তিনটা: মন্ত্রিসভার বৈঠকে রমজানে সকাল নয়টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে। জোহরের নামাজের জন্য বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে৷ সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এই সময় মেনে চলবে। তবে সুপ্রিম কোর্ট ও ব্যাংক-বিমা প্রতিষ্ঠানগুলো তাদের সুবিধামতো সময়সূচি নির্ধারণ করবে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান। মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
কোস্টগার্ড আইনের খসড়া নীতিগত অনুমোদন: মন্ত্রিসভার বৈঠকে বিদ্রোহ করলে মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘বাংলাদেশ কোস্টগার্ড আইন, ২০১৪’-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদসচিব বলেন, আইনসচিবের নেতৃত্বে কয়েকজন সচিব এ আইনের খসড়াটি খতিয়ে দেখবেন। এরপর আইন মন্ত্রণালয়ের আইনি যাচাই (ভেটিং) সাপেক্ষে খসড়া আইনটি অনুমোদনের জন্য আবারও মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, উপকূলরক্ষীদের একটি সুশৃঙ্খল, দক্ষ ও কার্যকরী বাহিনী হিসেবে গড়ে তোলা এই আইনের লক্ষ্য৷
এ ছাড়া গতকালের বৈঠকে কম্বোডিয়ার সঙ্গে দুটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর সম্পর্কেও অবহিত করা হয়।