প্রথম রোহিঙ্গা শুমারি হচ্ছে
বাংলাদেশে অনুপ্রবেশ করে অবস্থানরত মিয়ানমারের অনিবন্ধিত নাগরিকের সংখ্যা কত, এর কোনো সঠিক হিসাব নেই। রোহিঙ্গা বলে পরিচিত এই জনগোষ্ঠীর সংখ্যা নির্দিষ্ট করতে সরকার প্রথমবারের মতো রোহিঙ্গা শুমারি করবে। এ শুমারির আওতায় কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও পটুয়াখালী—এ ছয় জেলায় থাকা রোহিঙ্গাদের গণনা করা হবে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ শুমারি পরিচালনা করবে। গত মাসে (মে) ২১ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ের ‘বাংলাদেশে অবস্থানরত অনিবন্ধিত মিয়ানমার নাগরিক শুমারি, ২০১৫’ নামে একটি প্রকল্প পাস করেছে পরিকল্পনা কমিশন। কাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অবহিত করা হবে।
এ প্রকল্পের মেয়াদকাল চলতি বছরের এপ্রিল থেকে ২০১৬ সালের মার্চ মাস পর্যন্ত। বিবিএস সূত্রে জানা গেছে, আগামী সেপ্টেম্বরে মাঠপর্যায়ে রোহিঙ্গা গণনা শুরু করার কথা থাকলেও চলতি অর্থবছরে এ প্রকল্পে কোনো বরাদ্দ না থাকায় তা যথাসময়ে শুরু করা যাচ্ছে না। কক্সবাজারের দুটি শিবিরে বর্তমানে তালিকাভুক্ত রোহিঙ্গার সংখ্যা প্রায় ৩৩ হাজার। এর বাইরে অনিবন্ধিত বিপুলসংখ্যক রোহিঙ্গা রয়েছে বলে ধারণা করা হয়।
সূত্র জানায়, এ শুমারিতে শুধু রোহিঙ্গা জনগোষ্ঠী গণনা করা হবে না, তাদের ছবিও তুলে রাখা হবে। এ ছাড়া রোহিঙ্গাদের জীবনযাপনের যাবতীয় তথ্য সংগ্রহ করা হবে। তারা মিয়ানমারের কোন অঞ্চল থেকে এ দেশে এসেছে; কেন এসেছে; বাংলাদেশে তাদের জীবিকা নির্বাহ হয় কীভাবে; পরিবারের সদস্য কত—এসব তথ্যও সংগ্রহ করা হবে।
প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, সঠিক কোনো হিসাব না থাকলেও মিয়ানমারের আনুমানিক তিন থেকে পাঁচ লাখ নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে। সীমান্তে কড়াকড়ি সত্ত্বেও প্রতিদিন গড়ে আট থেকে দশজন মিয়ানমারের নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করছে। এসব রোহিঙ্গা দেশের বনভূমি ধ্বংস করে বাসস্থান গড়ে তুলে পরিবেশের ক্ষতি করছে। পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে। এ ছাড়া স্থানীয় শ্রমবাজার ও উপকূলীয় সমুদ্রবেষ্টনী প্রকল্পে নেতিবাচক প্রভাব ফেলছে তারা।
এ প্রকল্পের পরিচালক আলমগীর হোসেন গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, আগামী অর্থবছরে (২০১৫-১৬) বরাদ্দ পাওয়া যাবে। এখন কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে। কোন পদ্ধতিতে গণনা করা হবে—জানতে চাইলে তিনি বলেন, প্রথমে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন এবং ওই এলাকায় কার্যরত বেসরকারি সংস্থার (এনজিও) সহায়তায় রোহিঙ্গাদের প্রাথমিক তালিকা তৈরি করা হবে। পরে ওই তালিকাকে ভিত্তি ধরে মাঠপর্যায়ে গিয়ে রোহিঙ্গাদের গণনা করা হবে।
এ প্রকল্পের মূল উদ্দেশ্য হলো, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের ছবি ও সাধারণ তথ্যসংবলিত একটি তথ্যসম্ভার প্রণয়ন; তাদের বর্তমান অবস্থান এবং বাংলাদেশে অনুপ্রবেশের আগে মিয়ানমারে মূল বাসস্থানের ঠিকানা; অনুপ্রবেশের অন্তর্নিহিত কারণ চিহ্নিত করা এবং রোহিঙ্গাদের আর্থসামাজিক ও জনমিতি-সংক্রান্ত পরিসংখ্যান প্রণয়ন।
বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করা মিয়ানমারের এসব নাগরিক মানবেতর জীবনযাপন করে। তাদের মানবিক চাহিদা পূরণে আন্তর্জাতিক পর্যায় থেকে বাংলাদেশের ওপর অব্যাহত অনুরোধ রয়েছে বলে প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে। তাই গত বছর মন্ত্রিপরিষদে ‘মিয়ানমার নাগরিক-সম্পর্কিত জাতীয় কৌশলপত্র’ অনুমোদন দেওয়া হয়েছে। পরে এ কৌশলপত্র বাস্তবায়নের জন্য জাতীয় টাস্কফোর্স গঠন করা হয়। গত বছরের ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত টাস্কফোর্সের সভায় মিয়ানমারের অনিবন্ধিত নাগরিকদের তথ্যভান্ডার প্রণয়নের জন্য বিবিএসকে দায়িত্ব দেওয়া হয়।