প্রথম শহীদ দিবস: আবারও শহীদ মিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একুশের মুহূর্ত
একুশের মুহূর্ত

বায়ান্নর ফেব্রুয়ারি মাসজুড়ে রাষ্ট্রভাষা আন্দোলনকে ঘিরে যে ভাষিক আবেগ তৈরি হয়েছিল, তার প্রভাব ছড়িয়ে-ছিটিয়ে প্রকাশ পেয়েছে ১৯৫২ সালের একাধিক ঘটনায়। যেমন নেতা-কর্মীদের ব্যাপক গ্রেপ্তারের মধ্য দিয়ে ঢাকায় মার্চের প্রথম সপ্তাহে আন্দোলন শেষ হয় এবং সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ আতাউর রহমান খানের নেতৃত্বে নতুন করে গঠিত হয়।
২৭ এপ্রিল (১৯৫২) বার লাইব্রেরি হলে নতুন সংগ্রাম পরিষদের উদ্যোগে ভাষাকর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। বেশ জমজমাট ছিল সেই সম্মেলন। দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল উৎসাহে ভাষাসংগ্রামীরা এতে যোগ দেন। সফল সম্মেলন শেষে ভাষাসংগ্রামীরা শপথ নেন আন্দোলন নতুন করে গড়ে তুলতে। কিন্তু তা আর সম্ভব হয়নি।
তবে একুশের প্রভাব যে সাহিত্য-সংস্কৃতির অঙ্গনে কতটা গভীর ছিল, তার প্রমাণ মেলে ওই বছরেরই আগস্ট মাসে কুমিল্লা শহরে অনুষ্ঠিত সাহিত্য-সংস্কৃতি সম্মেলনে। ঢাকা থেকে আমরা অনেক ছাত্র তাতে যোগ দিই, যেমন দেন নামী শিল্পী-সাহিত্যিকগণ। ব্যাপক সমারোহে অনুষ্ঠিত সেই সম্মেলনের চরিত্র ছিল প্রগতিবাদী, জাতীয়তাবাদী ও আধুনিকতার। সেই সঙ্গে পরিশীলিত লোকসংস্কৃতির। শেষোক্ত দিকটির প্রকাশ ঘটে রমেশ শীল ও ফণি বড়ুয়ার ‘যুদ্ধ ও শান্তি’ কবিগানে।

একুশের আবেগ যে গোটা বছরেও শেষ হয়নি, তার প্রমাণ মেলে ১৯৫৩ সালের শহীদ দিবস পালনের ঘনঘটায়। নবগঠিত সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক আতাউর রহমান খান দিবসটি যথাযোগ্য মর্যাদাসহকারে পালনের আহ্বান জানান। আহ্বান না জানালেও একুশের স্মৃতিকাতর বাঙালি দিনটিকে রাজনৈতিক-সাংস্কৃতিক তাৎপর্যে পালন করতে পিছিয়ে থাকত না।

শহীদ দিবস পালন করতে হবে অথচ শহীদ মিনার নেই, তা তো হতে পারে না। তাই রাজনীতিমনস্ক মেডিকেল কলেজের ছাত্রদের সিদ্ধান্ত, শহীদ মিনার তৈরি করতে হবে। হোস্টেল প্রাঙ্গণে ভেঙে ফেলা শহীদ স্মৃতিস্তম্ভের স্থানটিতে অবিকল একই চেহারার শহীদ মিনার তৈরি করা হয়। এই শহীদ মিনার অবশ্য ইট-বালু-সিমেন্টের নয়, এটি লাল কাগজ ও কালো কাপড়ে তৈরি, তবে উচ্চতায় ছোট। জিয়া হাসান, বদরুল আলম, নুরুল ইসলাম প্রমুখ আঁকিয়ে কজন মেডিকেল ছাত্র কাজটি সম্পন্ন করেন। দাঁড়িয়ে যায় সুদর্শন চেহারার ছোটখাটো একটি অস্থায়ী শহীদ মিনার, ১৯৫২ সালের ফেব্রুয়ারিতে গড়া শহীদ স্মৃতিস্তম্ভের আদলে।

ঢাকা হল, ফজলুল হক হলের ছাত্ররাও শহীদ দিবস পালন উপলক্ষে কার্জন হল প্রাঙ্গণে একই রকমের একটি শহীদ মিনার তৈরি করেছিলেন। পিছিয়ে থাকেননি আরও কেউ কেউ, যেমন ঢাকা কলেজ ও ইডেন কলেজের ছাত্রছাত্রীরা কলেজ প্রাঙ্গণে শহীদ মিনার তৈরির চেষ্টা চালান। এই প্রচেষ্টার নেতৃত্বে ছিলেন ইকবাল আনসারি খান (হেনরি), আতিকুল ইসলাম প্রমুখ ছাত্র। কিন্তু দুই কলেজের বাঙালি-প্রধানদের প্রবল বাধায় এ কাজ শেষ হয়নি। বরং তাঁদের কয়েকজনকে এই প্রচেষ্টার জন্য নিয়মতান্ত্রিক শাস্তি ভোগ করতে হয়েছিল।

১৯৫৩ সালে পৌঁছেও এমনই প্রবল ছিল ভাষা আন্দোলন ও শহীদ দিবসবিষয়ক তথা মাতৃভাষার আবেগ। পাকিস্তান আমলে ১৯৫৬-পূর্ববর্তী বছরগুলোতে অবিশ্বাস্য আবেগ নিয়ে ছাত্রদের শহীদ দিবস পালন। শহীদ মিনারের স্থানে ফুল দিয়ে অতি ভোরে খালি পায়ে প্রভাতফেরির যাত্রা শুরু। আজিমপুরে শহীদ দুজনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন এবং দিনভর মিছিল ও বিকেলে জনসভা—এমন কর্মসূচিতে শহীদ দিবস পালন ক্রমে ঐতিহ্যে পরিণত হয়। অবশ্য পরে এই কর্মসূচিতে কিছুটা পরিবর্তন ঘটাতে দেখা গেছে। আর সেই ধারায় এখনো চলছে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস পালন শুরু। রাত বারোটা এক মিনিট থেকে। হারিয়ে গেছে ভোরের হালকা হাওয়া গায়ে মেখে প্রভাতফেরির অনুষ্ঠান।

 আহমদ রফিক: ভাষাসংগ্রামী, কবি ও রবীন্দ্র-গবেষক