প্রথম শুনানিতেই রাষ্ট্রপক্ষের সাক্ষী অনুপস্থিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় ইমারত নির্মাণ আইনে করা মামলার শুনানির প্রথম দিনই গতকাল মঙ্গলবার রাষ্ট্রপক্ষের সাক্ষী আদালতে হাজির হননি। আদালত আগামী ২৬ অক্টোবর সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন।

রানা প্লাজা ধসের তিন বছরেরও বেশি সময় পর ওই মামলায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে গত ১৪ জুন বিচারকাজ শুরু হয়। রানা প্লাজার কর্ণধার সোহেল রানা, তাঁর বাবা-মাসহ ১৮ জন এই মামলার আসামি। ওই দিন ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম ২৩ আগস্ট সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন।

গতকাল এ মামলার বাদী রাজউকের কর্মকর্তা মো. হেলাল উদ্দিনের সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে তিনি হাজির না হওয়ায় রাষ্ট্রপক্ষে সময় চেয়ে আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করে আগামী ২৬ অক্টোবর সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ারুল কবির প্রথম আলোকে বলেন, সাক্ষী হাজির হননি, তাই আদালত নতুন তারিখ ধার্য করেছেন।

এ মামলায় সোহেল রানাসহ তিনজন কারাগারে, ১০ জন জামিনে, বাকি পাঁচজন পলাতক।

২০১৩ সালের ২৪ এপ্রিল সকালে ধসে পড়ে সাভারের রানা প্লাজা। ভবনের নিচে চাপা পড়েন সাড়ে পাঁচ হাজার পোশাকশ্রমিক। ওই ঘটনায় ১ হাজার ১৩৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।