৯০ কিলোমিটার সড়কের ৪৩ কিলোমিটারই কাঁচা। পাকা সড়কগুলোও বেহাল। নেই কোনো পয়োনিষ্কাশনব্যবস্থা, নেই পরিচ্ছন্নতাকর্মী। খালের সেতুগুলো জরাজীর্ণ। পারাপারের জন্য বাড়ির সামনে বাঁশের সাঁকো।
পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভার ওয়ার্ডগুলোতে ঘুরে এমন দৃশ্যই চোখে পড়ে।
গতকাল সোমবার সরেজমিনে দেখা গেছে, প্রথম শ্রেণির এই পৌরসভার ১ নম্বর, ৬ নম্বর ও ৭ নম্বর ওয়ার্ডের কয়েকটি সড়ক সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে।
পৌর এলাকার বেশির ভাগ সড়কেই নেই বাতি। পৌরসভার ২০ ভাগ মানুষ বিদ্যুৎ-সুবিধাহীন। শিকলার খালের ওপর নির্মিত লোহার সেতু দুটি জরাজীর্ণ হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
২ নম্বর ওয়ার্ডের গনমান খালের ওপর নির্মিত সেতুটির স্লিপারগুলো নষ্ট হয়ে গেছে। ৬ নম্বর ওয়ার্ডের দুটি খালে ৮ থেকে ১০টি বাঁশের সাঁকো রয়েছে।
হজরত আলী বলেন, থানা ভবনের সামনের সড়কের নালা না থাকায় বৃষ্টি হলে সড়কে পানি জমে যায়। বর্ষা মৌসুমে পানি জমে পিচ উঠে গিয়ে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে গেছে। যার ফলে এলাকায় ফায়ার সার্ভিসের গাড়ি বা অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারে না।
গৃহবধূ শেফালি বেগম বলেন, পৌরসভার ভেতরের খালগুলো খনন না করায় নাব্যতা হারিয়ে শুকিয়ে নালায় পরিণত হয়েছে। অন্যদিকে, পৌরসভা থেকে পানি সরবরাহ না থাকায় শুকনা মৌসুমে পানি-সংকট দেখা দেয়।
স্বরূপকাঠি বাজারের ব্যবসায়ী শাহিন মিয়া বলেন, ‘যাঁকে ভোট দিলে উন্নয়ন হবে, তাঁকেই ভোট দেব।’
জানা গেছে, ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর ৬ দশমিক ৫১ বর্গকিলোমিটার এলাকা নিয়ে পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভা গঠিত হয়। ২০১২ সালে পৌরসভাটি প্রথম শ্রেণিতে উন্নীত করা হলেও নাগরিক সুযোগ-সুবিধা তেমন বাড়েনি।
বর্তমান মেয়র ও বিএনপির মেয়র প্রার্থী শফিকুল ইসলাম বলেন, ‘বিরোধী দলের মেয়র হওয়ায় উন্নয়ন খাতে বরাদ্দ কম পেয়েছি। মাত্র দুই বছরে দীর্ঘদিনের সমস্যা সমাধান করা সম্ভব হয়নি। তারপরও পানি সরবরাহ প্রকল্প দ্রুত সম্পন্ন করার জন্য ব্যবস্থা নিয়েছি।’
আওয়ামী লীগের মেয়র প্রার্থী জি এম কবির বলেন, ‘বর্তমান মেয়র পৌরসভার উন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন। আমার দল ক্ষমতায় থাকায় আমি মেয়র নির্বাচিত হলে বেশি উন্নয়ন করতে পারব। বেহাল সড়ক সংস্কার, পৌরবাসীর খাবার পানির সমস্যা দূর করার জন্য ব্যবস্থা নেব।’