প্রথম শ্রেণির পৌরসভার নিজস্ব ভবন নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠার ২০ বছরেও নোয়াখালীর চাটখিল পৌরসভার নিজস্ব কোনো ভবন তৈরি হয়নি। শহরের একটি বিপণিবিতানের তৃতীয় তলা ভাড়া নিয়ে অস্থায়ী কার্যালয়ে চলছে পৌরসভার কার্যক্রম। এটি প্রথম শ্রেণির পৌরসভা হলেও নেই পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা। রাস্তাঘাটের অবস্থাও ভালো নয়। সড়কের বাতিও ঠিকমতো জ্বলে না।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের বলেন, পৌরসভার ১১৯ কিলোমিটার সড়কের মধ্যে পাকা ৫১ দশমিক ৩৭ কিলোমিটার। কাঁচা সড়ক আছে ১৩ দশমিক ৪ কিলোমিটার। কয়েকটি সড়ক সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। বাকিগুলোও পর্যায়ক্রমে সংস্কার করা হবে।
পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষায় একটু বৃষ্টি হলেই বিভিন্ন সড়কে পানি জমে যায়। শহরে ময়লা-আবর্জনা ফেলার নির্দিষ্ট কোনো জায়গা কিংবা ডাস্টবিন নেই। ছোটখাটো পুকুর-ডোবা ও দিঘিগুলোই যেন অঘোষিত ডাস্টবিন।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, পৌরসভার অস্থায়ী কার্যালয়ের পাশে একটি পুকুর আর ২০০ গজ দূরের চাটখিল দিঘিই যেন পৌরসভার ময়লা ফেলার স্থান। ময়লা-আবর্জনা ফেলার কারণে পুকুর ও দিঘি দুটির অস্তিত্ব বিলীন হওয়ার পথে।
উপজেলা পরিষদের প্রধান ফটকের কাছে একটি বিপণিবিতানের তৃতীয় তলায় পৌরসভার কার্যক্রম চলছে। কর্মকর্তা-কর্মচারীদের বসার কিংবা নাগরিক সেবা প্রদানের ব্যবস্থাও ভালো নয়। কোনোরকমে গাদাগাদি করে দাপ্তরিক কার্যক্রম সারছেন কর্মরত ব্যক্তিরা।
নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মচারী বলেন, ‘আমরা নিজেরাই ঠিকমতো বসতে পারি না। সেবা দেব কীভাবে?’ সাবেক মেয়র সিরাজুল ইসলাম পৌর ভবনের জন্য একটি উদ্যোগ নিলেও তাঁর মৃত্যুর পর আর কেউ যথেষ্ট উদ্যোগ নেননি। ফলে পৌর ভবনও হয়নি। এখন পৌর এলাকায় ভবন নির্মাণের জন্য কোনো জায়গা খালি নেই।
তবে বর্তমান মেয়র মোস্তফা কামালের দাবি ভিন্ন। নাগরিকদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, সড়কের বাতি শতভাগ জ্বলে। ড্রেনেজ ব্যবস্থাও ভালো। পৌর ভবনের জন্য বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন হয়ে এলে ভবন নির্মাণের কাজ শুরু হবে।