প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আজ শনিবার সন্ধ্যায় একটি মামলা হয়েছে। শিশুটির বাবা বাদী হয়ে এ মামলা করেন। মামলায় উপজেলার পাড়েরহাট ইউনিয়নের বজলু শিকদারকে আসামি করা হয়েছে।
পুলিশ ও শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৭ ডিসেম্বর বিকেলে শিশুটি বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় প্রতিবেশী বজলু শিকদার খাবার দেওয়ার কথা বলে তাঁর ঘরে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। এরপর লোকলজ্জার ভয়ে শিশুটিকে চিকিৎসা দেয়নি পরিবার। ঘটনার পর এক সপ্তাহ পার হলেও শিশুটি সুস্থ না হওয়ায় আজ সকালে তাকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক ফারাহানা রহমান জানান, ধর্ষণের শিকার শিশুটির চিকিৎসা চলছে।
ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘ধর্ষণের ঘটনাটি আমি আজ শুনেছি। শিশুটির পরিবার থানায় অভিযোগ করার পর মামলা নেওয়া হয়েছে। বজলু শিকদার পলাতক। তাঁকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।’