নেত্রকোনা জেলা প্রশাসনের ৪৩টি প্রথম শ্রেণি (ক্যাডার) পদের মধ্যে ২১টি শূন্য আছে। কর্মকর্তা-সংকটের কারণে দাপ্তরিক নানা কাজ ব্যাহত হচ্ছে। একই কারণে সরকারি বিভিন্ন কার্যালয়ে এসে যথাযথ সেবা পাচ্ছেন না স্থানীয় লোকজন।
এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুর রহিম বলেন, পদগুলো শূন্য থাকায় একজন কর্মকর্তাকে নিজ দাপ্তরিক কাজের পাশাপাশি অন্য দপ্তরের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, বোর্ড পরীক্ষা পরিচালনাসহ বিভিন্ন কাজ জোড়াতালি দিয়ে চালাতে হচ্ছে।
জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদার বলেন, কর্মকর্তাদের নানা পদ শূন্য থাকায় ঝামেলা পোহাতে হচ্ছে। বিষয়টি বিভাগীয় কমিশনারের কার্যালয়সহ জনপ্রশাসন মন্ত্রণালয়কে গত মাসে লিখিতভাবে জানানো হয়েছে। তবে এখনো সাড়া মেলেনি।
জেলা প্রশাসকের কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, জেলা প্রশাসনের অধীন ২২টি শাখায় কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা মোট ৯০৩ জন। এর মধ্যে সাধারণ প্রশাসনে ৪৪১ ও রাজস্ব প্রশাসনে ৪৬২টি পদ রয়েছে। এই পদগুলোর মধ্যে প্রথম শ্রেণির (ক্যাডার) পদের সংখ্যা ৪৩টি। কিন্তু বর্তমানে আছেন ২২ জন কর্মকর্তা। এর মধ্যে পাঁচটি অতিরিক্ত জেলা প্রশাসকের (এডিসি) পদের মধ্যে তিনটি পদ খালি। ১০ জন সহকারী কমিশনারের মধ্যে সাতটি পদে কর্মকর্তা নেই। যে তিনজন আছেন, তাঁদের মধ্যে দুজন শিক্ষানবিশ সহকারী কমিশনার।
এ ছাড়া রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) দুটি এবং নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি), জেনারেল সার্টিফিকেট অফিসার (জিসিও), ভূমি হুকুমদখল কর্মকর্তার (এলএও) পদ প্রায় সাত বছর ধরে শূন্য আছে। জেলার দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদটিও এ বছরের ৩১ আগস্ট থেকে শূন্য রয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ উন্নয়ন) পদ দুটিতে এখন পর্যন্ত লোক নিয়োগ করা সম্ভব হচ্ছে না। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও উপপরিচালক স্থানীয় সরকার (ডিডিএলজি) পদ দুটিও সম্প্রতি খালি হয়ে গেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ও সার্বিক বিভাগের দায়িত্বে থাকা দুজন অতিরিক্ত জেলা প্রশাসককে নিজ দপ্তরের পাশাপাশি ওই দপ্তরগুলোতেও অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে।
জেলার ১০ উপজেলার মধ্যে কেন্দুয়া, বারহাট্টা, আটপাড়া ও খালিয়াজুরী—এই চারটিতে সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড) পদ শূন্য রয়েছে। এসি ল্যান্ডের পদ শূন্য থাকায় সংশ্লিষ্ট উপজেলার ইউএনও এসব দায়িত্ব পালন করছেন।
বারহাট্টা উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা সুদীপ কুমার দত্ত মজুমদার বলেন, জমিসংক্রান্ত কাজে তিনি গত ১০ মাস ধরে ঘুরছেন। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তা না থাকায় কাজটি করা যাচ্ছে না।
বারহাট্টার ইউএনও মো. আবু জাফর রিপন বলেন, এসি ল্যান্ড না থাকায় নিজের কাছের পাশাপাশি তাঁকে এসি ল্যান্ডের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে তাঁর সমস্যা হচ্ছে।
অতিরিক্ত দায়িত্ব পালন করা তিন কর্মকর্তা বলেন, নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত এ দায়িত্ব পালন করতে গিয়ে তাঁরা রীতিমতো হিমশিম খাচ্ছেন। ভারপ্রাপ্তরা সিদ্ধান্ত নিতে পারছেন না। এ কারণে অনেক ক্ষেত্রে যথাসময়ে অনেক কাজ শেষ করা যাচ্ছে না।
জেলা প্রশাসকের কার্যালয়ে নেজারত ডেপুটি কালেক্টরের দায়িত্ব থাকা শিক্ষানবিশ সহকারী কমিশনার মো. শরীফ উদ্দিন বলেন, গুরুত্বপূর্ণ নানা পদে কর্মকর্তা না থাকায় রাজস্ব আদায়, স্থানীয় সরকারসহ বিভিন্ন দপ্তরের কার্যক্রম দেখভাল ও অবকাঠামো রক্ষণাবেক্ষণসহ নানা প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে।