বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা অনুযায়ী সরকারি বিদ্যালয়গুলোর মতো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানেও প্রথম শ্রেণীতে ভর্তির বয়স পাঁচ থেকে সাত বছরের মধ্যে হতে হবে। শিক্ষাবর্ষের ১ জানুয়ারি থেকে ওই বয়স হিসাব করা হবে।গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই নীতিমালা প্রকাশ করা হয়। এতে বলা হয়, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির সুনির্দিষ্ট কোনো দিকনির্দেশনা না থাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বিভিন্নভাবে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম পরিচালনা করছে। এতে নানা ধরনের সমস্যা ও বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এত দিন কোনো সমন্বিত নীতিমালা ছিল না। কিন্তু এমন সময় এই নীতিমালা প্রকাশ করা হলো, যখন নামকরা বেসরকারি বিদ্যালয়গুলোতে ভর্তির প্রক্রিয়া শেষ পর্যায়ে। তারা এবার এ নিয়ম মানতে পারবে না। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মঞ্জুয়ারা বেগম গতকাল প্রথম আলোকে বলেন, তাঁদের বিদ্যালয়ে এবার প্রথম শ্রেণীতে ভর্তির বয়স ধরা হয়েছে ছয় থেকে সাত বছরের মধ্যে। ভর্তি-প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। এখন লটারি হবে। এ অবস্থায় নীতিমালার সিদ্ধান্ত মানা সম্ভব হবে না। আগামী বছর থেকে এই নীতিমালা অনুযায়ী ভর্তি করা হবে। নীতিমালা অনুযায়ী সরকারি বিদ্যালয়গুলোর মতো বেসরকারি বিদ্যালয়েও প্রথম শ্রেণীতে ভর্তির জন্য আবশ্যিকভাবে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। আর দ্বিতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করতে হবে। ভর্তির ফি এলাকাভেদে কম-বেশি হবে। এর মধ্যে মফস্বল এলাকায় সেশন চার্জসহ ভর্তি ফি সর্বসাকল্যে ৫০০ টাকা, পৌর (উপজেলা) এলাকায় এক হাজার, পৌর (জেলা সদর) এলাকায় দুই হাজার, ঢাকা ছাড়া অন্যন্য মহানগর এলাকায় তিন হাজার এবং ঢাকা মহানগরে পাঁচ হাজার টাকার বেশি হবে না।