প্রথম শ্রেণীর ছাত্রীকে বিয়ে দেওয়ার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েটির বয়স আট বছর। পৌরসভা তার জন্মসনদে লিখে দিয়েছে ১৮ বছর। যে সনদ কাল হতে যাচ্ছিল মেয়েটির জীবনে। পৌরসভার ভুয়া সনদ দিয়ে মেয়েটির বাবা তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। বাদ সেধেছে স্থানীয় জনগণ। গত শুক্রবার রাতে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সহযোগিতায় বিয়েটি বন্ধ করে দেয়।ইউএনওকে মেয়েটি বলেছে, ‘আমি পড়ালেখা শিকপের চাই। বাপ-মা আমাক জোর করে বিয়ে দিবের লাগছিল। আমি বিয়ে করব না।’ ঘটনাটি পাবনার সুজানগর পৌরসভার ভবানীপুর গ্রামের।এলাকাবাসী সূত্রে জানা গেছে, মেয়েটির নাম মোছা. মনা খাতুন। সে স্থানীয় ভবানীপুর ৪০ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। স্কুলের জন্মসনদে তার জন্মতারিখ রয়েছে ১০ ডিসেম্বর ২০০১। কিন্তু পৌর কর্তৃপক্ষ মেয়েটিকে না দেখে তার নতুন জন্মসনদে জন্মতারিখ লিখেছে ১০ সেপ্টেম্বর ১৯৯২। এই জন্মসনদের ভিত্তিতে বাবা তাঁর মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। শুক্রবার রাতে বিয়ের সব প্রস্তুতি নেওয়া হয়। বিয়ের কাজ সম্পন্ন করতে রাত সাড়ে নয়টার দিকে বরপক্ষের লোকজন মনাদের বাড়িতে আসে। এ সময় এলাকাবাসী সুজানগর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানান। ইউএনও তাৎক্ষণিকভাবে ওই গ্রামে গিয়ে বিয়েটি বন্ধ করেন।সুজানগরের ইউএনও এইচ এম নূরুল ইসলাম বলেন, ‘আমরা সময়মতো ওই গ্রামে না পৌঁছালে ওর জীবনটা নষ্ট হয়ে যেত। পৌর কর্তৃপক্ষের একটি ভুলের কারণেই এই সর্বনাশ হতে যাচ্ছিল। তাই জন্মসনদ দেওয়ার আগে তাদের ভালো করে যাচাই-বাছাই করে নেওয়া উচিত।’ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ পারভিন বলেন, ‘ঘটনাটি আমাদের হতভম্ব করেছে। মেয়েটি আমার স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী। ওর রোল নম্বর ২৫। এতটুকু একটা মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা খুবই দুঃখজনক।’সুজানগর পৌরসভার মেয়র কামাল হোসেন বিশ্বাস বলেন, ‘মেয়েটির পরিবারের পক্ষ থেকে পৌর কর্তৃপক্ষকে ভুল তথ্য দিয়ে সনদটি নেওয়া হতে পারে। বিষয়টি আমি খতিয়ে দেখছি।’মেয়ের মা নাসিমা খাতুন বলেন, ‘মিয়ে বিয়ে দিবের গেলি ভালো ছাওয়াল পাওয়া যায় না। ভালো একটা ছাওয়াল পাইছি, তাই মিয়েক বিয়ে দিবের চাইছিলাম। এহন মনে হচ্ছে ভুল হইছে।’