প্রথম শ্রেণীর শিক্ষার্থীকে নির্দয়ভাবে পেটানোর অভিযোগ
চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌর এলাকার আবু ওবাইদা (র.) নুরানি একাডেমির শিক্ষকের বিরুদ্ধে প্রথম শ্রেণীর শিক্ষার্থীকে নির্দয়ভাবে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার বিকেলে রাঙ্গুনিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে এ অভিযোগ করে শিক্ষার্থী ও তার বাবা। শিক্ষার্থীর বাবা মো. ইউসুফ জানান, তাঁর মেয়ে ইজমা আকতার বাড়ি ফেরার পর পোশাক খোলার সময় ব্যথা পেয়ে কেঁদে ওঠে। পিঠে এ সময় বেতের অসংখ্য আঘাত ও রক্ত দেখা যায়। বেলা দুইটায় তাকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়।
ইজমা আকতার বলে, ‘শ্রেণীকক্ষে তৃতীয় ঘণ্টার পাঠদান শুরুর আগে পানি খেতে বের হই। সেখান থেকে ফিরে আসার পর শিক্ষক তাজুল ইসলাম বেত দিয়ে আমাকে বেধড়ক পিটিয়ে আহত করেন।’ রাঙ্গুনিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে এ ব্যাপারে অভিযোগ করা হয়। নুরানি একাডেমির অভিযুক্ত শিক্ষক তাজুল ইসলাম বলেন, ইজমা আকতার প্রায়ই পড়া শিখে আসত না। পড়া না পারায় গাছের ছোট ডাল দিয়ে তাকে পেটানো হয়েছে, বেত দিয়ে নয়। একাডেমির প্রধান শিক্ষক মো. ইলিয়াছ বলেন, বেত দিয়ে শিক্ষার্থীকে পেটানোর কোনো নিয়ম নেই। তার পরও কেন পেটানো হলো, এ ব্যাপারে শিক্ষক তাজুল ইসলামের কাছে কৈফিয়ত চাওয়া হবে। রাঙ্গুনিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে।