সংবিধানের প্রথম সংশোধনী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সাতটি বিধান চ্যালেঞ্জ করে করা রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি কাজী রেজা-উল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি উপস্থাপন করা হয়নি বিবেচনায় খারিজ করে দেন। এ নিয়ে প্রায় এক মাসের ব্যবধানে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারসংক্রান্ত পৃথক তিনটি রিটই উচ্চ আদালতে খারিজ হলো। গতকাল খারিজ হওয়া রিটটি করেছিলেন জামায়াতে ইসলামীর দুই সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা। এর ওপর দুই দিন শুনানি করেন তাঁদের আইনজীবী অবদুর রাজ্জাক। গতকাল সকালে তিনি রিট আবেদনটি ফেরত নেওয়ার কথা জানান। এ পর্যায়ে রিটটি উপস্থাপন করা হয়নি বিবেচনায় খারিজ করা হয়। আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, রুল জারি করায় সন্তুষ্ট না হওয়ায় রিটটি ফেরত নেওয়ার জন্য আদালতে আবেদন জানানো হয়। আদালত বিষয়টি উপস্থাপন করা হয়নি বলে খারিজ করে দেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্য আদালতে আবেদনটি উপস্থাপনের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। এ রিটে জামায়াতের চার শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা প্রথম মামলার (বিবিধ) কার্যক্রমের বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়। একই সঙ্গে ১৯৭৩ সালে প্রণীত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সাতটি ধারা ও উপধারার বৈধতা নিয়েও চ্যালেঞ্জ করা হয়। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও সদস্য পদে হাইকোর্টের দুই বিচারপতির দায়িত্ব পালনের বৈধতা চ্যালেঞ্জ করে জামায়াত সমর্থক আইনজীবী নওয়াব আলী ও সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী বাদী হয়ে হাইকোর্টে রিট করেছিলেন। গত ২৮ জুলাই হাইকোর্ট তা সরাসরি খারিজ করে দেন।এ ছাড়া নয়াদিল্লি চুক্তির মাধ্যমে ছেড়ে দেওয়া পাকিস্তানের ১৯৫ জন যুদ্ধবন্দীকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে ২২ আগস্ট হাইকোর্টে যে রিট করা হয়েছিল, তাও সরাসরি খারিজ করে দেন বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। এজলাস বসবে না: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাসের সংস্কারকাজ চলছে। তাই আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারকাজ পরিচালনা ও শুনানি স্থগিত করেছেন। গতকাল দুপুরে পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনাল কার্যালয়ে রেজিস্ট্রার মো. শাহিনুর ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।উল্লেখ্য, আজ মঙ্গলবার জামায়াতের শীর্ষস্থানীয় চার নেতার পৃথক ছয়টি আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। চার নেতা হলেন মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার। এ ছাড়া আগের তারিখ অনুসারে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকেও ট্রাইব্যুনালে হাজির করার কথা ছিল। মো. শাহিনুর ইসলাম জানান, কবে এসব আবেদনের শুনানি হবে, সে বিষয়ে আজ সিদ্ধান্ত জানানো হবে।