
‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৪’-এ যোগ দিতে শ্রোতা-দর্শক সন্ধ্যার আগে থেকেই রাজধানীর আর্মি স্টেডিয়ামমুখী। সন্ধ্যার পরপরই সমাগম ঘটে যায় কয়েক হাজার দর্শকের। তারপর শুরু হয় পাঁচ দিনব্যাপী সংগীত মহাযজ্ঞের।
উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান ও স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী দাবি করলেন, বেঙ্গলের এই আয়োজন বিশ্বের সর্ববৃহৎ উচ্চাঙ্গসংগীত উৎসবে পরিণত হয়েছে। হাজার হাজার দর্শক-শ্রোতা করতালি দিয়ে তাঁদের বক্তব্যকে সমর্থন করেন।
পাঁচ দিনের উৎসবের প্রথম দিনের সন্ধ্যায় দর্শক-শ্রোতাদের মনকে শত রঙে রাঙিয়ে তোলেন ভারতীয় ভরতনাট্যম শিল্পী বিদুষী মালবিকা সারুক্কাই। কর্ণাটকি উচ্চাঙ্গসংগীতের বোলের সঙ্গে মৃদঙ্গ ও ঘটমের তাল এবং বেহালার সুরে নৃত্যশৈলী প্রদর্শন করে আসরকে নিজের করে নেন এই শিল্পী।
সন্ধ্যার পর মহোৎসবের শুরু হয় বাংলাদেশের শিল্পীদের গাওয়া বাংলাদেশের জাতীয় সংগীত দিয়ে। শিল্পীদের দলে ছিলেন ইফফাত আরা দেওয়ান, ইয়াকুব আলী খান, ফরিদা পারভীন, সুবির নন্দী, অদিতি মহসিন, লাইসা আহমেদ, শাহীন সামাদ, মহিউজ্জামান চৌধুরী, মিতা হক, শামা রহমান প্রমুখ। এ ছাড়া শিল্পীরা ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’ এবং ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’ গান দুটি গেয়ে শোনান।
এরপর তবলাবাদন শোনান শিল্পী অজিঙ্কা যোশী। তাঁকে হারমোনিয়ামে সহযোগিতা করেন গৌরব চট্টোপাধ্যায়।
তবলার লহরা শেষে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘আজ থেকে পাঁচ দিন আমরা অন্য এক জগতে বিচরণ করব। ১৯৫৩ সালে প্রথম ওস্তাদ আলাউদ্দিন খাঁর কণ্ঠে উচ্চাঙ্গসংগীত শুনে মুগ্ধ হয়েছিলাম। তার পর থেকে মন্ত্রমুগ্ধ হয়ে আছি।’
আবুল খায়ের বলেন, ভারতীয় উচ্চাঙ্গসংগীত সারা বিশ্বে যাঁরা পরিচয় করিয়েছেন, তাঁরা সবাই বাঙালি। তাই বেঙ্গল ফাউন্ডেশন মনে করে, ভবিষ্যতেও বাংলাদেশের উচ্চাঙ্গশিল্পীরা আন্তর্জাতিক বিশ্বে নেতৃত্ব দেবেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন, সৈয়দ মাহবুবুর রহমান ও অঞ্জন চৌধুরী।
বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত এবং স্কয়ার নিবেদিত পাঁচ দিনের এই উৎসবের সহযোগিতা দিচ্ছে ব্র্যাক ব্যাংক, প্রথম আলো, ডেইলি স্টার, এবিসি রেডিও, মাছরাঙা টেলিভিশন। উৎসব ব্যবস্থাপনায় ছিল ব্লুজ কমিউনিকেশনস।
রাতভর এ আয়োজনে ভরতনাট্যমের পর সরোদে সন্ধ্যাকালীন রাগ মালকোশ ও মধ্যরাতের রাগ আভোগী কানাড়া পরিবেশন করেন রাজরূপা চৌধুরী। এরপর ছিল রুচিরা কেদারের খেয়াল। তিনি বিলম্বিত তিনতাল, দ্রুত তিনতাল ও দ্রুত একতালে গেয়ে শোনান রাগ বাগেশ্রী। এ প্রতিবেদন তৈরি করার পর শহীদ পারভেজ (সেতার) ও পণ্ডিত অজয় চক্রবর্তীর (কণ্ঠ) পরিবেশনা বাকি ছিল।