প্রথম সফরকে 'বিশেষ মুহূর্ত' বললেন মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে প্রথম সফরকে ‘বিশেষ মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল মিলনায়তনে ভারত ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন চুক্তি, সমঝোতা স্মারক, সম্মতিপত্র স্বাক্ষর শেষে বক্তব্য দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁদের বক্তব্যে দুই দেশের পারস্পরিক সম্পর্কের কথা গুরুত্ব পায়। দুই প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বাংলাদেশের মন্ত্রী, উপদেষ্টা ও নরেন্দ্র মোদির সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

নরেন্দ্র মোদি বলেন, ‘বাংলাদেশে প্রথম সফর আমার জন্য বিশেষ মুহূর্ত। আমার এ সফর অগণিত মানুষের শুভ কামনায় সমৃদ্ধ হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা কেবল প্রতিবেশী নই। আমরা দুটি জাতি, যারা ইতিহাস, ধর্ম, সংস্কৃতি, ভাষা ও সম্পর্কের বন্ধনে আবদ্ধ। এমনকি ক্রিকেটের প্রতি ভালোবাসার দিক থেকেও।’ তিনি বলেন, ‘আমাদের মধ্যে সংগ্রাম ও উৎসর্গের একটা আবেগের বন্ধন রয়েছে, যা আমাদের সার্বভৌম ও সমান জাতি হিসেবে পরিণত করেছে।

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ইতিমধ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাস সার্ভিস চালু করা হয়েছে। এটি দু দেশের মানুষকে আরও সহজে যুক্ত করবে এবং দুটি জাতিকে আরও কাছে নিয়ে আসবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি আমাদের ঋদ্ধ করেছে।

মোদি আরও বলেন, ‘এখন আমরা উন্নয়নের পথে সফল সহযাত্রী।...আমি ভারতের জন্য যে ভবিষ্যতের স্বপ্ন দেখি, বাংলাদেশের জন্যও একই ধরনের ভবিষ্যৎ কামনা করি।’

মোদি তাঁর ভাষণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

সার্কের কথা উল্লেখ করে মোদি বলেন, এ সংস্থার ধারণা বাংলাদেশের তরফ থেকে একটি উপহার। তিনি বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আমরাই সবচেয়ে বেশি অবদান রাখছি।

নিজের সফরকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, এ সফরে বাংলাদেশ ও ভারত স্থলসীমান্ত সমস্যার সমাধান করেছে, যা স্বাধীনতার পর থেকে অমীমাংসিত ছিল। তিনি বলেন, এখন বাংলাদেশ ও ভারতের একটি নির্দিষ্ট সীমান্ত আছে। এর ফলে দুই দেশের নিরাপত্তা আরও জোরদার হবে এবং মানুষের জীবনযাত্রাও স্থির হবে।

স্থলসীমান্ত চুক্তির ক্ষেত্রে ভারতের সংসদের সর্বসম্মত হওয়ার কথা উল্লেখ করে নরেন্দ্র মোদি বলেন, এটি প্রমাণ করে যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতে ঐকমত্য রয়েছে। তিনি বলেন, ‘গত বছর সমুদ্রসীমা সম্বন্ধে যে সমাধান হয়েছে আমরা সেটি মেনে নিয়েছি। এটি দুই দেশের মধ্যেকার বন্ধনের পরিপক্বতার কথা বলে।’

নরেন্দ্র মোদি বলেন, ভারত ও বাংলাদেশ বাণিজ্য চুক্তি এবং পরিবহন চুক্তির নবায়ন করেছে। এ ছাড়া অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও নতুন নতুন দিক যোগ হয়েছে। তিনি বলেন, বাংলাদেশে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল বাংলাদেশে ভারতীয় বিনিয়োগকারীদের বিনিয়োগে আরও উদ্বুদ্ধ করবে। কমলাসাগরের সীমান্ত হাট দুই দেশের মধ্যে ঐতিহ্যবাহী অর্থনৈতিক যোগাযোগকে আরও সমৃদ্ধ করবে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্য ঘাটতি প্রসঙ্গে মোদি বলেন, ‘দুই দেশের মধ্যে যে বাণিজ্য ঘাটতি রয়েছে সে সম্বন্ধে আমি সচেতন। শুল্কমুক্ত এবং কোটামুক্ত সুবিধা থাকলেও বাংলাদেশের মাত্র ২৫টি পণ্য ভারতে প্রবেশ করে। তবে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এ ঘাটতি দুর করতে সবকিছু করব বলে আশ্বস্ত করেছি।’

আগামী দুই বছরে ভারত থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি ৫০০ মেগাওয়াট থেকে ১১০০ মেগাওয়াটে উন্নীত হবে উল্লেখ করে মোদি বলেন, বিদ্যুৎ ক্ষেত্রে দুই দেশের একত্রে আরও কাজ করার সুযোগ রয়েছে।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগের জন্য বাংলাদেশের ট্রানজিট প্রদানের কথা উল্লেখ করে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, এটি বাংলাদেশের মানবিক গুণাবলিকে প্রতিধ্বনিত করে।


তিস্তা ও ফেনী নদীর বিষয়ে রাজ্য সরকারগুলোর সহযোগিতা নিয়ে একটি সমাধানে পৌঁছানো যাবে বলে তিনি আত্মবিশ্বাসী বলে জানান নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘আমাদের নদীগুলো আমাদের সম্পর্ক উন্নয়নের বিষয় হতে পারে, মতানৈক্যের বিষয় নয়।’
ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, ভারতের জনগণ নানা সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশের উন্নতিকে সম্মান করে। আমরা চাই বাংলাদেশে তাদের ২০২১ ও ২০৪১ রূপকল্প বাস্তবায়নে সফল হোক। বাংলাদেশের সাফল্য এ অঞ্চল ও সারা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।