প্রথম সফরে ঢাকাতেই আসছেন সুষমা স্বরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুষমা স্বরাজ
সুষমা স্বরাজ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে যাচ্ছেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়৷ নতুন বিজেপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটাই হবে তাঁর প্রথম বিদেশ সফর৷
নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র গতকাল শুক্রবার প্রথম আলোকে এ কথা জানিয়েছে৷ এদিকে গতকাল দুপুরেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন নয়ািদল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, সুষমা স্বরাজের প্রথম দ্বিপক্ষীয় সফর হবে একটি প্রতিবেশী দেশে৷
আকবরউদ্দিন জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম দ্বিপক্ষীয় সফরে যাচ্ছেন ঘরের পাশে পাহাড়ঘেরা ভুটানে। এই মাসেই তিনি সে দেশে যাবেন। তবে দিন এখনো ঠিক হয়নি। পররাষ্ট্রমন্ত্রী সুষমা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ভুটান যাবেন৷
ব্রিফিংয়ে প্রথম আলোর এক প্রশ্নের জবাবে মুখপাত্র আকবরউদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সুষমা স্বরাজের প্রথম সফরটিও হবে প্রতিবেশী দেশে। পররাষ্ট্রমন্ত্রী প্রতিবেশী কোন দেশে যাবেন, তা যথাসময়ে ঘোষণা করা হবে।
তবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ইতিমধ্যে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সুষমা স্বরাজ তাঁর প্রথম বিদেশ সফরে ২৬ জুন বাংলাদেশে যাবেন বলেই কথা রয়েছে। এ নিয়ে দুই পক্ষ প্রস্তুতিও শুরু করেছে৷
এত দিন শোনা যাচ্ছিল নরেন্দ্র মোদির প্রথম দ্বিপক্ষীয় সফর হবে জাপানে৷ সেখানে ভুটান কেন—ব্রিফিংয়ে এ প্রশ্নের জবাবে আকবরউদ্দিন বলেন, শপথ গ্রহণের সময়ই সার্ক দেশগুলোর নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছিলেন, তাঁর সরকার প্রতিবেশী দেশগুলোকে কতখানি গুরুত্ব দিচ্ছে। ভুটান সফর সেই নিরিখেই।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফরের বর্ণনা দিতে গিয়ে আকবরউদ্দিন জানান, জুন মাসে ভুটান, জুলাইতে ব্রাজিলে অনুষ্ঠেয় ‘ব্রিকস’ (ব্রাজিল, রাশিয়া, চীন, ভারত ও দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক জোট) শীর্ষ সম্মেলন, সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যাবেন মোদি৷ সেপ্টেম্বরে ওয়াশিংটনে তাঁর দ্বিপক্ষীয় সফরের দিনক্ষণ ঠিক করা হচ্ছে। পূর্ব এশিয়া ও আসিয়ান শীর্ষ সম্মেলন অক্টোবরে। নভেম্বরে অস্ট্রেলিয়ায় জি-২০ শীর্ষ সম্মেলন ও নেপালে সার্ক শীর্ষ সম্মেলন। সবগুলো বৈঠকেই যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সফরসূচি অনুযায়ী চলতি বছরের প্রতি মাসেই তাঁকে বিদেশ সফর করতে হবে।