প্রথম সফরে সাতক্ষীরায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০ জানুয়ারি সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরায় আসছেন। তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটিই হবে কোনো জেলা শহরে প্রধানমন্ত্রীর প্রথম সফর।
গত বছরের ২৮ ফেব্রুয়ারি মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর সাতক্ষীরায় জামায়াত-শিবির ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। ১৮-দলীয় জোটের ডাকা অবরোধ ও হরতালের নামে ২৬ ডিসেম্বর থেকে জামায়াত-শিবিরের তাণ্ডবে সাতক্ষীরা শহরের সঙ্গে বাইরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শহরবাসী চার বর্গকিলোমিটারের মধ্যে অবরুদ্ধ হয়ে পড়েন। সম্প্রতি যৌথ বাহিনী অভিযানে নামার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। এ অবস্থায় প্রধানমন্ত্রী সাতক্ষীরায় আসছেন। সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু আহমেঞ্চদ বলেন, গত বছরের ২৮ ফেব্রুয়ার থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত আওয়ামী লীগের ২১ জন নেতা-কর্মীকে হত্যা করে জামায়াত-শিবির। হিন্দু সম্প্রদায়ের লোকজনসহ আওয়ামী লীগের দুই শতাধিক নেতা-কর্মীর ওপর হামলা করা হয়। আগুন দিয়ে ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হয়। ১৪ জন সাংবাদিককে মারধর করা হয়। প্রধানমন্ত্রী সাতক্ষীরায় আসছেন মূলত জামায়াত-শিবিরের হাতে হতাহত ও নির্যাতিত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের সান্ত্বনা দিতে। ওই দিন তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের একাডেমি ভবন নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধনসহ মোট পাঁচটি প্রকল্পের উদ্বোধন করবেন। পরে তিনি সাতক্ষীরা সরকারি বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় বক্তৃতা করবেন।
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা নাগরিক কমিটির সদস্যসচিব আবুল কালাম আজাদ বলেন, ২০০৯ সালের ২৫ মে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় আইলা আঘাত হানে। এতে অর্ধশতাধিক মানুষের মৃত্যু এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আইলা-দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ২০১০ সালের ২৩ জুলাই জেলার শ্যামনগর উপজেলা সদরের হরিচরণ পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে এক জনসভায় বক্তৃতা করেন প্রধানমন্ত্রী। বক্তৃতায় তিনি সুন্দরবন-নাভারুণ রেললাইন, সাতক্ষীরা শহর বাইপাস সড়ক, সুন্দরবন পর্যটন কেন্দ্র, জলাবদ্ধতা নিরসনে কপোতাক্ষ নদসহ সব নদ-নদী খনন, ভোমরা বন্দরকে পূর্ণাঙ্গ বন্দরে রূপান্তর, মেডিকেল কলেজ হাসপাতাল ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, শ্যামগর সদরকে পৌরসভা ঘোষণা, শ্যামনগর মহসিন কলেজকে সরকারীকরণ এবং আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন। এর মধ্যে কয়েকটির বাস্তবায়ন হলেও বেশির ভাগই বাস্তবায়ন হয়নি।
আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রীর ২০১০ সালের ওই প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নের পাশাপাশি সাতক্ষীরায় চিংড়ি প্রক্রিয়াজাতকরণ ও মধুশিল্প স্থাপন, সাতক্ষীরা সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, সাতক্ষীরা সদরের আরও দুটি উচ্চবিদ্যালয় সরকারীকরণ, সাতক্ষীরা-খুলনা ও সাতক্ষীরা-যশোর সড়ক দুই লেনে রূপান্তর, বন্ধ হওয়া সাতক্ষীরা বস্ত্র মিল চালু এবং সাতক্ষীরা শহরের ওপর দিয়ে বহমান প্রাণসায়ের খালের প্রাণ ফিরিয়ে আনার দাবি রয়েছে সাতক্ষীরাবাসীর।