প্রথম সমাবর্তন কাল, উচ্ছ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ উপস্থিত থাকবেন। এ উপলক্ষে ক্যাম্পাস বর্ণিল সাজে সাজানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়টির ‘গাহি সাম্যের গান’ মঞ্চের পেছনের একটি মাঠে সমাবর্তন অনুষ্ঠান হবে। বেলা দেড়টার মধ্যে সব স্নাতক শিক্ষার্থীকে সেখানে থাকতে হবে। বেলা আড়াইটার দিকে রাষ্ট্রপতি সমাবর্তনে আসবেন। থাকবেন বেলা সাড়ে তিনটা পর্যন্ত। সমাবর্তন বক্তা হিসেবে থাকছেন নজরুল গবেষক রফিকুল ইসলাম। এতে ১ হাজার ৪০০ স্নাতক নিবন্ধন করেছেন।
সমাবর্তনে অংশ নেওয়ার জন্য নিবন্ধনকারী স্নাতক ইমরান সাদেক নাহিদ মণ্ডল বলেন, ‘বিশ্ববিদ্যালয়পড়ুয়া সব শিক্ষার্থীর জীবনে সমাবর্তন কাঙ্ক্ষিত একটা অধ্যায়। আমরা যাঁরা সমাবর্তনে অংশ নিতে যাচ্ছি, তাঁরা অবশ্যই ভাগ্যবান।’
২০০৬ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টিতে এবারই প্রথম সমাবর্তন হতে যাচ্ছে। এর তারিখ নির্ধারণের পর থেকেই শুরু হয় প্রস্তুতি। ক্যাম্পাসজুড়ে শুরু হয় সৌন্দর্যবর্ধনের কাজ। ক্যাম্পাস গতকাল সোমবার পর্যন্ত বর্ণিল সাজে সাজানো হয়। সমাবর্তনের দিনক্ষণ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে স্নাতক শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও দেখা দিয়েছে উৎসবের আমেজ। সমাবর্তন শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উপাচার্য মোহীত উল আলম বলেন, প্রথম সমাবর্তন হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অনেক আগ্রহের সৃষ্টি হয়েছে।