প্রথম সাময়িক পরীক্ষা নিচ্ছে শিক্ষক সমিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ উপেক্ষা করে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি বিদ্যালয়গুলোতে প্রথম সাময়িক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার থেকে সমিতির আওতাভুক্ত সব মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে পরীক্ষা নেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, পরীক্ষা ও ছুটিজনিত কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীদের লেখাপড়ায় নানাভাবে বিঘ্ন ঘটে। এ জন্য গত ১২ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সহিদুল ইসলাম স্বাক্ষরিত পরিপত্রের মাধ্যমে বছরে তিনটির পরিবর্তে দুটি পরীক্ষা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযোগ করেন, মন্ত্রণালয়ের নির্দেশনা আড়াল করে শিক্ষক সমিতি প্রথম সাময়িক পরীক্ষার মতোই মধ্য পর্ব পরীক্ষার আয়োজন করেছে। এতে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য ৮০ টাকা, অষ্টম শ্রেণীর জন্য ৯০ টাকা এবং নবম ও দশম শ্রেণীর জন্য ১০০ টাকা করে পরীক্ষার ফি ধরা হয়েছে। প্রতিটি বিষয়ের পরীক্ষার সময় দুই ঘণ্টা এবং বিষয়ভিত্তিক ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এদিকে সমিতির বাইরে থাকা হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে ৪ এপ্রিল থেকে প্রথম সাময়িক পরীক্ষার মতোই মডেল টেস্ট নেওয়া শুরু করেছে।উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক ও পিরোজপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান পাটওয়ারী বলেন, ‘শিক্ষার্থীদের মঙ্গলের জন্য শুধু সৃজনশীল বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষার ফি অন্য পরীক্ষার চেয়ে কম ধরা হয়েছে।’ তিনি এটিকে প্রথম সাময়িক পরীক্ষা বলতে নারাজ এবং এই পরীক্ষা নিলে মন্ত্রণালয়ের পরিপত্রের লঙ্ঘন হবে না বলে জানান।লেয়াকত আলী জানান, শিক্ষক সমিতির পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে তিনি কিছুই জানেন না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এমরান হোসেন বলেন, ‘মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে শিক্ষক সমিতি পরীক্ষা নিলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বিষয়টি নিয়ে আমি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলব।’