প্রথম স্বপ্ন পূরণ হলো বাছিরনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক সমাপনী পরীক্ষা দিচ্ছেন বাছিরন নেছা l ছবি: প্রথম আলো
প্রাথমিক সমাপনী পরীক্ষা দিচ্ছেন বাছিরন নেছা l ছবি: প্রথম আলো

৬৫ বছরের মোছাম্মত বাছিরন নেছা প্রাথমিক সমাপনী পরীক্ষায় বসেছেন। গতকাল রোববার প্রথম দিন ছিল ইংরেজি পরীক্ষা।
পরীক্ষা শেষে গণমাধ্যমকর্মীদের বাছিরন বলেন, ‘পরীক্ষা দিতে পেরে আমি খুবই আনন্দিত। আমার প্রথম স্বপ্ন পূরণ হলো। পরীক্ষায় পাস করা হবে আমার দ্বিতীয় স্বপ্নপূরণ।’
বাছিরনের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামের মাঠপাড়ায়। তিনি গ্রামের পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। পরীক্ষা দিচ্ছেন স্থানীয় হোগলবাড়িয়া-মহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
বাছিরন নেছা বলেন, ‘ইংরেজি পরীক্ষা ভালোই হয়েছে। তবে ১০০-এর মধ্যে ৫ নম্বরের উত্তর লিখতে পারিনি। আগামীকাল (আজ) সোমবার বাংলা পরীক্ষা। এ জন্য তাড়াতাড়ি বাড়ি যেতে হবে।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৌফিকুজ্জামান বলেন, পিইসির নীতিমালা অনুযায়ী, ১১ বছর পর্যন্ত বয়সের শিশুরা সমাপনী পরীক্ষায় বসতে পারবে। এ অনুযায়ী, বাছিরন পরীক্ষায় অংশ নিতে পারতেন না। কিন্তু তিনি প্রথম শ্রেণি থেকে ভর্তি হয়ে পড়াশোনা করে আসছিলেন। সমাপনী পরীক্ষার ফরম পূরণ করতে এসে কান্নাকাটি করেছিলেন। তাঁর প্রবল আগ্রহ দেখে বিশেষ বিবেচনায় তাঁকে ফরম পূরণের সুযোগ দেওয়া হয়েছিল।
খুব ছোটবেলায় একই গ্রামের রইল উদ্দীনের সঙ্গে বাছিরনের বিয়ে হয়েছিল। প্রায় ৩০ বছর আগে তাঁর স্বামী মারা যান। দুই মেয়ে ও এক ছেলের বিয়ে হয়ে গেছে। এখন থাকেন ছেলের সংসারে।
বাছিরন নেছাকে নিয়ে ১১ নভেম্বর প্রথম আলোতে ‘পঁয়ষট্টির বাছিরন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।