প্রথম হয়েও নিয়োগ পেলেন না সমীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষায় প্রথম হয়েছিলেন উপজেলার গোপালপুর গ্রামের সমীর বাইন। কিন্তু কর্তৃপক্ষ তাঁকে নিয়োগ না দিয়ে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রাজেন্দ্রনাথ দাস ঘুষ না পেয়ে নিয়োগ দেননি বলে গত ৯ জুন সমীর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন।

তদন্ত করে এ অভিযোগের সত্যতা পেয়ে জেলা প্রশাসক ২৪ জুলাই ওই বিদ্যালয়ে চিঠি পাঠিয়ে নিয়োগ-প্রক্রিয়া স্থগিত করে দিয়েছেন।

নিয়োগ পরীক্ষার কেন্দ্র সদর উপজেলার এসএম মডেল সরকারি উচ্চবিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২৮ এপ্রিল বিদ্যালয়ের শরীরচর্চা, কৃষি শিক্ষা ও বিজ্ঞান বিষয়ে একজন করে সহকারী শিক্ষক নিয়োগের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এর মধ্যে শরীরচর্চা বিষয়ে পাঁচজন প্রার্থীর মধ্যে সমীর বাইন ২১ দশমিক ২ পেয়ে প্রথম হন। কিন্তু এ-সংক্রান্ত সভার কার্যবিবরণী কেন্দ্রে না লিখে রাজেন্দ্রনাথ নিয়োগ কমিটির সদস্যদের কাছ থেকে কৌশলে সই নিয়ে নেন। পরে তিনি কার্যবিবরণীতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের (ডিজি) প্রতিনিধি এসএম মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শুকদেব ভক্তের আপত্তির কথা উল্লেখ করে শরীরচর্চা বিষয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ-প্রক্রিয়া স্থগিত রাখেন। ওই পদের জন্য গত ১৪ মে একটি জাতীয় দৈনিকে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

শুকদেব ভক্ত বলেন, ‘সমীর বাইন পরীক্ষায় প্রথম হয়েছেন। এ ঘোষণাও রাজেন্দ্রনাথ দাস সবার সামনে দিয়ে গেছেন। কিন্তু আমরা ওনার দুরভিসন্ধি তখন না বুঝেই সাদা রেজ্যুলেশন খাতায় স্বাক্ষর করে দিয়েছিলাম।’

রাজেন্দ্রনাথ বলেন, ‘বিদ্যালয় পরিচালনা কমিটি একমত যে সমীর বাইনকে নিয়োগ দিলে তিনি শিক্ষকদের মধ্যে দলাদলি করবেন। তাই তাঁকে নিয়োগ দেওয়া হয়নি। আমি রেজ্যুলেশনে কারও আপত্তির কথা লিখিনি।’ তিনি ঘুষ চাওয়ার অভিযোগ অস্বীকার করেন।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেশমা আক্তার জানান, এ ঘটনায় জেলা প্রশাসকের কাছে দেওয়া অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেছে।