প্রথম হলেও ধূমপায়ীরা মেডিকেলে ভর্তি হতে পারবে না : স্বাস্থ্যমন্ত্রী
মেডিকেল কলেজগুলোকে ধূমপানমুক্ত করার ঘোষণা পুনর্ব্যক্ত করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘এখন থেকে কোনো ধূমপায়ী মেডিকেলে ভর্তি হতে পারবে না। এমনকি প্রথম হলেও না। কীভাবে সেটি করা যায়, সে বিষয়ে কাজ করতে আমি সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দিয়েছি।’
আজ মঙ্গলবার ধূমপান ও তামাকপাতা ব্যবহার ত্যাগ করার জন্য আয়োজিত এক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। রাজধানীর বারডেম হাসপাতালে এ কর্মসূচির আয়োজন করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রেমে ব্যর্থ হলে সিগারেট বা মাদক খেতে হবে, সেই দিন এখন আর নেই। সবাই এখন স্বাস্থ্য সচেতন। আমি নিজে কোনো দিন একটা সিগারেটও খাইনি। আমার পরিবারের কোনো সদস্য ধূমপান করেন না। আমি চাই, প্রতিটি পরিবারই এমন হোক।’
নারীদের উদ্দেশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনারা আপনাদের স্বজনদের বোঝান। তাঁদের দিয়ে প্রতিজ্ঞা করান যেন তাঁরা ধূমপান না করেন।’ স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘একটি বেসরকারি হাসপাতালের নামকরা এক হৃদ্রোগ বিশেষজ্ঞের ধূমপানের জন্য হাসপাতালে নাকি আলাদা জায়গা করতে হয়েছে। তিনি নাকি সিগারেট না খেলে অপারেশন করতে পারেন না। আপনারা তাঁকে এখানে নিয়ে আসুন। তাঁকে আগে বোঝান।’
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘ধূমপান ছেড়ে দিলে স্বাস্থ্য ভালো থাকে। এ দেশের গরিব মানুষ গুল খায়। গুল বন্ধ করা হয়েছে। সিগারেটের প্যাকেটে সচিত্র সতর্কতা দিতে বাধ্য করা হয়েছে। আমরা দেশকে ধূমপানমুক্ত করতে চাই। এ জন্য সবার সহযোগিতা চাই। আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ছাত্রদের বোঝান। মসজিদের ইমামসহ সবাই ধূমপানের ক্ষতি নিয়ে বলুন। পরিবারের সদস্যরা সন্তানের খোঁজ নিন। আপনার সন্তান ধূমপান বা মাদকে আসক্ত হচ্ছে কি না খোঁজ রাখুন।’
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি এ কে আজাদ খান। তিনি বলেন, ‘আসুন, আমরা তামাকমুক্ত বাংলাদেশ গড়ি। ধূমপান যেকোনো নেশার চেয়ে ভয়ংকর। কারণ অন্য নেশায় শুধু তার ক্ষতি হয়। কিন্তু ধূমপানে যে অধূমপায়ী, তারও ক্ষতি।’
তথ্যসচিব মরতুজা আহমেদ বলেন, শুধু আইন দিয়ে ধূমপান বন্ধ হবে না। সবাইকে সচেতন হতে হবে। তথ্য মন্ত্রণালয় সবাইকে সচেতন করতে কাজ করবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে ধন্যবাদ দেন বারডেমের মহাপরিচালক নাজমুন নাহার। তিনি বারডেম হাসপাতালকে আরও প্রসারিত করার জন্য সরকারের কাছে জমি বরাদ্দ চান।
অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানসের প্রতিষ্ঠাতা চিকিৎসক অরূপ রতন চৌধুরী। তিনি বলেন, ‘ধূমপানের কারণে প্রতিবছর পৃথিবীতে ৬০ লাখ মানুষ মারা যাচ্ছে। প্রতি মিনিটেই মারা যাচ্ছে ১২ জন। বাংলাদেশের ১৫ বছরের বেশি বয়সী জনগোষ্ঠীর মধ্যে ৪ কোটি ১৩ লাখ কোনো না কোনোভাবে তামাক ব্যবহার করে। ৪ কোটি ২০ লাখ মানুষ পাবলিক প্লেস ও পরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার। ধূমপান কোনো স্মার্টনেস নয় বরং এ কারণে ১৬টি রোগ হয়। কাজেই সবার এই বদাভ্যাস পরিহার করতেই হবে।’