প্রথম হলো ‘শেষ ট্রেন’

প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঠকের তোলা ছবির প্রতিযোগিতায় প্রথম হয়েছে ‘শেষ ট্রেন’ নামের এ ছবি। ‘বাংলার মুখ’ নামের এ প্রতিযোগিতায় জমা পড়ে ৩ হাজার ৯৫৮টি ছবি। রাজধানীর কুড়িল উড়ালসড়ক–সংলগ্ন এলাকা থেকে তরুণ আলোকচিত্রী মোহাম্মদ তাসওয়ার ইসলামের তোলা ছুটে চলা ট্রেনের এ ছবিতে একই সঙ্গে চারটি স্তর রয়েছে। ট্রেনের জানালায় যাত্রীদের মুখ, ছাদে একাকী তরুণ। পথের পাশে সবুজ রেখা, তারপর নির্মাণসামগ্রী এবং শেষে ভবনের সারি। সব মিলিয়ে ট্রেনের গতিময়তার সঙ্গে নগরায়ণ ও জনজীবনের গতিময়তার একটি বিশেষ মুহূর্ত এতে উঠে এসেছে বলেই সেরার পুরস্কার জয় করে নিয়েছে ছবিটি।
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিযোগিতায় প্রথম হলো ‘শেষ ট্রেন’। ঢাকার তরুণ মোহাম্মদ তাসওয়ার ইসলাম ট্রেনের ছবিটি তুলেছিলেন রাজধানীর একটি পদচারী-সেতুর ওপর থেকে। প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বাংলার মুখ’ শীর্ষক পাঠকদের তোলা আলোকচিত্র প্রতিযোগিতার প্রথম পুরস্কার জিতে নেয় ছবিটি।

রাজধানীর জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শন কক্ষে গতকাল সোমবার সন্ধ্যায় ছিল এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আলোকচিত্রী শহীদুল আলম। উল্লেখ্য, ‘শেষ ট্রেন’ শিরোনামের ছবিটি আজ মঙ্গলবার প্রথম আলোর প্রথম পাতায় মূল ছবি হিসেবে ছাপা হয়েছে।

প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ৮৯৬ জন। তাঁরা ছবি পাঠিয়েছিলেন ৩ হাজার ৯৫৮টি। বাছাই করে ১০০টি ছবি প্রদর্শনীর জন্য নির্বাচন করা হয়। সেখানে থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং ৭টি বিশেষ—এই মোট ১০টি পুরস্কার দেওয়া হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শন কক্ষে প্রথম আলোর ২৩ বছরের কার্যক্রম নিয়ে ‘আলোয় আঁধারে’ নামে শিল্পী ওয়াকিলুর রহমানের সপ্তাহব্যাপী বিশেষ প্রদর্শনী চলছে ১৩ নভেম্বর থেকে। এ উপলক্ষে প্রতিদিন বিকেলে সেখানে থাকছে নানা আয়োজন। এরই অংশ হিসেবে গতকাল অনুষ্ঠিত হলো পাঠকদের আলোকচিত্র প্রতিযোগিতার পুরস্কার বিতরণী।

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিশেষ অতিথি বিশিষ্ট আলোকচিত্রী শহীদুল আলম
প্রথম আলো

‘ছবি একটি প্রমাণ’

অনুষ্ঠানে বিশেষ অতিথি শহীদুল আলম তাঁর বক্তব্যে বলেন, আলোকচিত্রের প্রচণ্ড নিজস্ব শক্তি রয়েছে। ছবিকে মানুষ সত্য বলে বিশ্বাস করে। ছবি একটি প্রমাণ। তিনি বলেন, আলোকচিত্রীদের হাতে থাকে একটি শক্তিশালী অস্ত্র। এটি সঠিকভাবে ব্যবহার করাই হলো একজন আলোকচিত্রীর কাজ।

প্রথম আলোর এই আয়োজন প্রসঙ্গে শহীদুল আলম বলেন, প্রতিযোগিতার নির্বাচিত শত ছবি নিয়ে পরে আলাদা প্রদর্শনীর আয়োজন করা হলে তিনি তাতে সহায়তা করবেন।

প্রতিযোগিতার বিচারকমণ্ডলীর সদস্য তাসলিমা আখ্তার বলেন, বৈচিত্র্যময় ছবি জমা পড়েছিল। সেখান থেকে বিষয়বস্তু, রং, কম্পোজিশনসহ কৌশলগত দিক এবং সামগ্রিকভাবে আলোকচিত্রের ভাষা ও নান্দনিকতার সমন্বয়ে যে ছবিগুলো এগিয়ে, সেগুলোই প্রদর্শনীর জন্য বাছাই করা হয়েছে। এই কাজ বেশ কঠিন ছিল।

অনুষ্ঠানের সঞ্চালক প্রথম আলোর আর্ট অ্যান্ড গ্রাফিকস বিভাগের প্রধান সৈয়দ লতিফ হোসাইন বলেন, এখন থেকে প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকীতে এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে।

প্রথম আলো আয়োজিত ‘বাংলার মুখ’ শীর্ষক পাঠকদের তোলা আলোকচিত্র প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে (বাঁ থেকে) তৃতীয় পুরস্কার বিজয়ী লিমন বড়ুয়া, প্রথম পুরস্কার বিজয়ী মোহাম্মদ তাসওয়ার ইসলাম ও দ্বিতীয় পুরস্কার বিজয়ী বাঁধন মণ্ডল। গতকাল জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী কক্ষে
ছবি : আশরাফুল আলম

বিজয়ী যাঁরা

প্রতিযোগিতায় প্রথম হওয়া তাসওয়ার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) যন্ত্রপ্রকৌশলের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। দ্বিতীয় হয়েছেন জয়পুরহাটের বাঁধন মণ্ডল, তাঁর ছবির নাম ‘ভ্রমণ কাহিনি’। তিনি শরীয়তপুর পলিটেকনিকে টেলিকমিউনিকেশনের শিক্ষার্থী। তাঁরা দুজনেই ছবি তুলেছেন মুঠোফোনে। আর তৃতীয় হয়েছেন চট্টগ্রামের পটিয়ার লিমন বড়ুয়া। তাঁর ছবির শিরোনাম ‘প্রার্থনার সময়’। তিনি স্বাধীনভাবে আলোকচিত্রী হিসেবে কাজ করছেন। এই তিনজন পুরস্কার হিসেবে পেয়েছেন একটি করে ক্যামেরা। বিশেষ পুরস্কার পেয়েছেন সারওয়ার হুসাইন, সাজ্জাদ হোসেন, পিয়াস ভৌমিক, খালিদ রায়হান, শামস নাঈম, ইনামুল কবির ও শোভন বড়ুয়া।

বিচারকমণ্ডলীতে তাসলিমা আখ্তার ছাড়াও ওয়াকিলুর রহমান, হাসান সাইফুদ্দিন চন্দন, সৈয়দ লতিফ হোসাইন ও সুমন ইউসুফ ছিলেন।

অনুষ্ঠানের শেষে ছিল সহজিয়ার গান। তারা জোয়ান বায়েজের ‘বাংলাদেশ বাংলাদেশ’ গানটি দিয়ে শুরু করে।

চরকিতে বিশেষ ছাড়

প্রদর্শনীর প্রবেশমুখেই চরকির পক্ষ থেকে একটি ডিসপ্লে বক্স স্থাপন করা হয়েছে। দর্শকেরা এখান থেকে চরকির কার্যক্রম জানতে পারবেন। তা ছাড়া ছয় মাস ও এক বছর মেয়াদের গ্রাহক হলে দেওয়া হচ্ছে ৫০ শতাংশ বিশেষ ছাড়।

আজকের আয়োজন

আজ মঙ্গলবার বিকেল পাঁচটায় থাকবে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী। প্রধান অতিথি থাকবেন শিল্পী রফিকুন নবী। পুরস্কার বিতরণ করবেন ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান। গান শোনাবেন অবন্তি সিঁথি। প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা, চলবে ১৯ নভেম্বর পর্যন্ত।