নিবন্ধিত (রেজিস্টার্ড) বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফলে শেরপুরের শ্রীবরদী উপজেলায় সম্মিলিত মেধাতালিকায় প্রথম হন মো. আকরাম হোসেন। কিন্তু তিনি চাকরিতে যোগ দিতে পারছেন না। বিদ্যালয় কর্তৃপক্ষ পেছনের তারিখ দেখিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যানের ছোট ভাইয়ের স্ত্রীকে ওই পদে নিয়োগ দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।আকরাম শ্রীবরদীর গোসাইপুর ইউনিয়নের মাটিয়াকুড়া গ্রামের মো. মোজাম্মেল হকের ছেলে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ঢাকা কলেজ থেকে ২০০৭ সালে সমাজবিজ্ঞান বিষয়ে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। আগামী ১ জানুয়ারি তাঁর সরকারি চাকরির বয়স শেষ হয়ে যাবে। আকরাম জানান, গত ৯ এপ্রিল প্রকাশিত রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্ত ফলাফলে সম্মিলিত মেধা ক্রমানুসারে শ্রীবরদী উপজেলায় তিনি প্রথম স্থান অধিকার করেন। ক্রমিক নম্বর ৫৮৩৯। তাঁকে গোসাইপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্যপদে পদায়ন করা হয়। সরকারি পরিপত্র অনুযায়ী, ওই বিদ্যালয়ের সভাপতির নিয়োগপত্র প্রদানের কথা। কিন্তু বিদ্যালয়ের সভাপতি মো. আইয়ূব আলী তাঁকে নিয়োগপত্র দিচ্ছেন না।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোসাইপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রায়হানা সিদ্দিকা ২০০৯ সাল থেকে তাঁর বিদ্যালয়ে সহকারী শিক্ষকের একটি পদ শূন্য রয়েছে মর্মে শ্রীবরদী উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে তথ্য দেন। সে অনুযায়ী গত এপ্রিল মাসে আকরামকে ওই বিদ্যালয়ে পদায়ন করা হয়।আকরাম হোসেনের অভিযোগ, তাঁকে নিয়োগের বিষয়টি জানতে পেরে বিদ্যালয়ের সভাপতি আইয়ূব আলী ও তাঁর মেয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রায়হানা সিদ্দিকা শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যানের ছোট ভাইয়ের স্ত্রী সাইফুন্নাহারকে সহকারী শিক্ষিকা পদে পেছনের তারিখে অর্থাৎ ২০০৯ সালের ৪ এপ্রিল তারিখ দেখিয়ে নিয়োগ দেন।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রায়হানা সিদ্দিকা স্বীকার করেন, সহকারী শিক্ষিকা সাইফুন্নাহার পাঁচ-ছয় মাস ধরে ক্লাস নিচ্ছেন। তবে রায়হানা সিদ্দিকা প্রথম আলোকে বলেন, ‘সাইফুন্নাহার ২০০৯ সালে বিদ্যালয়ে যোগ দেন। কিন্তু বেতন-ভাতা না হওয়ায় এত দিন ক্লাস নেননি বা মাসিক প্রতিবেদনে স্বাক্ষর করেননি।’ সভাপতি আইয়ূব আলী বলেন, ‘সহকারী শিক্ষিকা সাইফুন্নাহার ২০০৯ সালে তাঁর বিদ্যালয়ে যোগ দেন। মাঝেমধ্যে ক্লাসও নিয়েছেন। বর্তমানে নিয়মিতভাবে বিদ্যালয়ে আসছেন। তাই ওই পদে নতুন নির্বাচিত শিক্ষক আকরাম হোসেনকে নিয়োগ দেওয়া সম্ভব নয়।’এ ব্যাপারে শেরপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদা বেগম প্রথম আলোকে বলেন, ‘সরকারি নিয়োগের নীতিমালা ভঙ্গ করে ভূতপূর্ব তারিখে সহকারী শিক্ষিকা পদে সাইফুন্নাহারকে নিয়োগ দেওয়া বৈধ নয়। তাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্বাচিত প্রার্থী আকরাম হোসেনকে অবিলম্বে নিয়োগপত্র দিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রায়হানা সিদ্দিকাকে নির্দেশ দেওয়া হয়েছে।’