প্রথম হয়েও চাকরি মেলেনি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী পদে নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নিয়োগ পরীক্ষার মেধা তালিকায় প্রথম স্থানে থাকা ১০ জন গত রোববার বালিয়াকান্দি প্রেসক্লাবে সংবাদ সমেঞ্চলন করে এ বিষয়ে অনিয়মের অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে প্রার্থীরা জানান, উপজেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী পদে নিয়োগের জন্য গত বছরের ৯ ডিসেম্বর বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি বিজ্ঞপ্তি দেয়। ২৪ ডিসেম্বর মৌখিক পরীক্ষার ফলাফল দেওয়া হয়। এর দুই দিনের মধ্যেই মেধা তালিকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা প্রার্থীদের তালিকা ইউএনওর কাছে পাঠানো হয়। ইউএনও এই তালিকা সুপারিশের জন্য স্থানীয় সাংসদ রাজবাড়ী-২-এর (পাংশা-বালিয়াকান্দি) মো. জিল্লুল হাকিমের কাছে পাঠান। সুপারিশ পাওয়ার পর ৩০ মে ইউএনও ও শিক্ষা কর্মকর্তা ১২টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ওই পদে নিয়োগের জন্য প্রার্থীদের নামের চূড়ান্ত তালিকা দেন। ওই তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া কোনো প্রার্থীরই নাম পাওয়া যায়নি। মাঝবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা তালিকায় প্রথম হওয়া মাসুদ রানা জানান, তাঁর বাবার কাছে চাকরির জন্য টাকা চাওয়া হয়েছিল। টাকা দিতে না পারায় প্রথম স্থানে থেকেও চাকরি হয়নি।বালিয়াকান্দির ইউএনও কামরুল হোসেন জানান, নতুন তালিকাটি বিধি মেনেই তৈরি করা হয়েছে।