প্রথম হয়েও নিয়োগ না পাওয়ায় এক প্রার্থীর মামলা
নাটোরের বড়াইগ্রাম ডিগ্রি কলেজে উপাধ্যক্ষ নিয়োগ পরীক্ষায় প্রথম স্থান লাভ করার পরও নিয়োগ না দেওয়ায় মামলা করেছেন এক প্রার্থী। গত সোমবার বড়াইগ্রাম সহকারী জজ আদালতে ওই কলেজের সভাপতি ও স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুসসহ ১৪ জনকে বিবাদী করে মামলাটি করা হয়েছে।আদালত তিন দিনের মধ্যে নিয়োগসংক্রান্ত সব নথিপত্র আদালতে জমা দিতে বলেছেন এবং একই সঙ্গে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।আদালত সূত্রে জানা গেছে, ওই কলেজের উপাধ্যক্ষ নিয়োগ পরীক্ষা গত বছরের ২২ অক্টোবর অনুষ্ঠিত হয়। নিয়োগ পরীক্ষায় পাঁচজন প্রার্থী অংশ নেন। পরীক্ষায় ওই কলেজের সহকারী অধ্যাপক আবদুল মুত্তালেব প্রথম হন। একই সময় আরও চারটি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ওই বছরের ৯ নভেম্বর কলেজের ব্যবস্থাপনা কমিটির সভায় উপাধ্যক্ষ নিয়োগ ১৫ দিনের জন্য স্থগিত করে অন্য পদগুলোতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ১৫ দিন পার হলেও উপাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়নি। পরে ২৪ জানুয়ারি কলেজের সভাপতি ও অধ্যক্ষ উপাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হবে না বলে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন। এরপর গত সোমবার প্রার্থী আবদুল মুত্তালেব নাটোরের বড়াইগ্রাম সহকারী জজ আদালতে মামলা করেন। এ বিষয়ে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ মো. আফসার আলী কোনো মন্তব্য করতে রাজি হননি।