প্রথম ৭১ জনের অনুদান গ্রহণ মুক্তিযুদ্ধ জাদুঘরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবনির্মিত ভবনের নির্মাণকাজ সম্পন্ন করতে বিভিন্ন প্রতিষ্ঠান ও পেশার ৭১ জনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে অনুদান গ্রহণ করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। আজ শুক্রবার আগারগাঁওয়ে নির্মাণাধীন ভবনের নিচতলায় এক অনুষ্ঠানে এ অনুদান গ্রহণ করা হয়।
গত ৪ সেপ্টেম্বর নতুন জাদুঘরের জন্য অনুদানের প্রচারাভিযান শুরু হয়।
আজ মিলিয়া এস আলী নামের একজন উদ্যোক্তা সদস্য দিয়েছেন তিন লাখ টাকা। এক লাখ টাকা করে দিয়েছেন ডা. কে এম মাকসুদুর রহমান, ডা. আবুল কাসেম ও হাসান জামিল, আইনজীবী সৈয়দ রেজাউর রহমান, মমতাজ বেগম, রথীন চক্রবর্তী, লক্ষ্মী চক্রবর্তী ও ডা. মাখদুমা নার্গিস। ৬০ জন ১০ হাজার টাকা করে অনুদান দিয়েছেন। এঁদের মধ্যে জন প্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী, সাংসদ মোতাহার হোসেন, আইন ও সালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, তাঁর স্বামী সুপ্রিয় চক্রবর্তী, কবি সুফিয়া কামালের মেয়ে সাইদা কামাল, প্রয়াত এ বি এম মুসা ও তাঁর স্ত্রী সেতারা মুসা, মেয়ে পারভীন সুলতানা ঝুমাসহ প্রমুখ। এ ছাড়া মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং তরুণদের সংগঠন আগামীর বাংলাদেশও ১০ হাজার টাকার অনুদান দিয়েছেন।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১০২ কোটি টাকা। উঠেছে ৫৪ কোটি ৫৪ টাকা। এর মধ্যে ৫০ কোটি টাকার অনুদান দিয়েছে সরকার। বাকি টাকা বিভিন্ন মাধ্যমে উঠেছে। এটি প্রাইভেট জাদুঘর হলেও এর মালিক পাবলিক। এ জন্য অনুদান সংগ্রহের ক্যাম্পেইন আরও জোরেশোরে শুরু হয়ে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে যাবে।
অনুষ্ঠানে জানানো হয়, পর্যায়ক্রমে আরও কয়েকটি অনুষ্ঠান করে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাংক ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কাছ থেকে অনুদান নেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্যসচিব জিয়াউদ্দিন তারিক আলী, সারওয়ার আলী প্রমুখ।