প্রথমটাভালো গেছে পরেরগুলো নিয়ে উৎকণ্ঠা
প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থী-অভিভাবকদের মুখে হাসি থাকলেও ভবিষ্যতের পরীক্ষাগুলো নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে।
রংপুর নগরের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার পর এমনই অভিব্যক্তি শিক্ষার্থী ও অভিভাবকদের।
পরীক্ষা শুরুর আগে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ, বিজিবি ও র্যাবের গাড়ি টহলের পাশাপাশি কেন্দ্রের মধ্যেও পুলিশি নিরাপত্তা ছিল। সেই সঙ্গে প্রতিটি কেন্দ্রে একজন করে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট ছিলেন। বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত, জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ, পুলিশ সুপার আবদুর রাজ্জাকসহ প্রশাসনের কর্মকর্তারা প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেছেন।
পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাইরে সন্তানের জন্য অপেক্ষারত রংপুর জিলা স্কুলের ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা হয়েছে।
নগরের মুন্সিপাড়ার মোহাম্মদ আনজু বলেন, ‘আপাতত প্রথম পরীক্ষা দিতে সন্তান পরীক্ষার হলে গেছে। আগামীকালও (আজ শনিবার) পরীক্ষা ভালোভাবেই হবে আশা করি। কিন্তু বাকি পরীক্ষার কী হবে, তা নিয়ে বড় দুশ্চিন্তায় আছি।’
ধাপ এলাকার একজন অভিভাবক সৈয়দ নূর হোসেন বলেন,‘দেশব্যাপী এত আবেদন-নিবেদন, এর পরও হরতাল-অবরোধ থাকল। শিক্ষার্থীদের মনের অবস্থা কী হয়েছে, তারা বুঝতেই চাইল না। এই কি দেশের রাজনীতি?’
পরীক্ষা শেষে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষার্থী প্রথম পরীক্ষা ভালো হয়েছে এমন অভিব্যক্তি ব্যক্ত করে বলল, ‘আগামী পরীক্ষাগুলোও যেন এভাবে শান্তিপূর্ণভাবে দিতে পারি, দোয়া করবেন। পরীক্ষা পিছিয়ে গেলে ওই সাবজেক্টের প্রস্তুতি দুর্বল হয়ে পড়বে।’ ঠিক এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আরও অনেক শিক্ষার্থী।
রংপুরের জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ সাংবাদিকদের জানান, প্রতিটি পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও র্যাবের পাশাপাশি পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।