প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ প্রথম সেমিস্টার স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ ও ১৬ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় একাডেমিক কাউন্সিলের বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও একাডেমিক কাউন্সিলের সভাপতি মো. আমির হোসেন খানের সভাপতিত্বে ওই বৈঠক হয়। বৈঠকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সংশ্লিষ্ট বিভাগের প্রধান ও প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন। এ বছর গণিত, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, পরিসংখ্যান, বাংলা, ইংরেজি, অর্থনীতি, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগে শিক্ষার্থী ভর্তি করানো হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. দলিলুর রহমান বলেন, ‘ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্যতা ও ভর্তি ফরম ফি পরে জানানো হবে। বরাবরের মতো এবারও অনলাইনে ভর্তি ফরম পূরণ করা যাবে।’