প্রথমবার উত্তীর্ণ আদিবাসীরা এবার বঞ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় প্রথম দফায় উত্তীর্ণ হলেও পুনর্মূল্যায়িত ফলে বাদ পড়েছেন বেশ কিছু সংখ্যক আদিবাসী। তাঁরা অভিযোগ করেছেন, পুনর্মূল্যায়িত ফলে অন্য কোনো কোটাধারীদের ক্ষেত্রে এ ঘটনা না ঘটলেও কেবলমাত্র তাদের ক্ষেত্রেই এ ঘটনা ঘটেছে। আদিবাসীরা সরকারি কর্মকমিশনকে (পিএসসি) বিষয়টি লিখিতভাবে জানিয়েছে।
৮ জুলাই কোটার ভিত্তিতে ৩৪তম বিসিএসের ফল প্রকাশ করা হয়। এতে ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হন। কিন্তু এই ফলে অনেকেই বাদ পড়েছেন অভিযোগ তুলে চাকরি-প্রার্থীরা আন্দোলন শুরু করেন। তাদের প্রতিবাদের মুখে ১০ জুলাই ফল পুনর্মূল্যায়নের ঘোষণা দেয় পিএসসি। ১৪ জুলাই পুনর্মূল্যায়িত ফলাফল ঘোষণা করা হয়। এতে ৪৬ হাজার ২৫০ জন লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন।
নতুন ফলাফল প্রকাশের পর পিএসসি থেকে বলা হয়েছিল, আগের ফলাফলে উত্তীর্ণ ১২ হাজার ৩৩ জনকে রেখেই ফল পুনর্মূল্যায়ন করা হয়। কিন্তু আদিবাসী চাকরি-প্রার্থীরা জানিয়েছেন, আগের ফলে তাঁরা উত্তীর্ণ হলেও সংশোধিত ফলে তাঁদের নাম নেই। আদিবাসী প্রার্থীদের পক্ষে আলবেরিকুশ খালকো ও সমুজ্জ্বল দেওয়ান গতকাল পিএসসিতে গিয়ে ফল পুনর্বিবেচনার দাবিতে পিএসসি চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রককে স্মারকলিপি দিয়ে আসেন। এর অনুলিপি জনপ্রশাসন ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়কেও দেওয়া হয়। পিএসসির চেয়ারম্যান, দায়িত্বপ্রাপ্ত সদস্য ও নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁরা কোনো মন্তব্য করতে রাজি হননি। আদিবাসী প্রার্থীরা প্রথম আলোকে একটি তালিকা দিয়েছেন। ওই তালিকায় ২৮০টি রেজিস্ট্রেশন নম্বর রয়েছে যেগুলো প্রথম ফলে থাকলেও দ্বিতীয় ফলে নেই।
আলবেরিকুশ খালকো প্রথম আলোকে বলেন, ‘পিএসসি বলেছে, প্রথম দফায় উত্তীর্ণ সবাই দ্বিতীয় দফায় উত্তীর্ণ হয়েছেন। কিন্তু আমরা পৌনে তিন শ আদিবাসী আছি যারা পুনর্মূল্যায়িত ফলে বাদ পড়েছি। আমরা মঙ্গলবার পিএসসিকে এই অভিযোগ জানাতে গিয়েছিলাম। কিন্তু পিএসসির চেয়ারম্যান বা পরীক্ষা নিয়ন্ত্রক কেউই আমাদের সঙ্গে দেখা করেননি। তবে পিএসসি কর্তৃপক্ষ আমাদের লিখিত অভিযোগটি রেখেছে।’
সমুজ্জ্বল দেওয়ান বলেন, ‘আমরা আশা করি, পিএসসি আমাদের দাবিটি যথাযথভাবে বিবেচনা করবে এবং আমরা যারা প্রথমবার উত্তীর্ণ হয়েছি তারা লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পাব।’